জাতীয়

সিন্ধু চুক্তি স্থগিতের পর চন্দ্রভাগায় দুলহস্তী স্টেজ–২, আরও চাপে পাকিস্তান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সিন্ধু চুক্তি স্থগিতের পর চন্দ্রভাগায় দুলহস্তী স্টেজ–২, আরও চাপে পাকিস্তান - West Bengal News 24

সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর আরও চাপে পড়ল পাকিস্তান। এই পরিস্থিতিতেই চন্দ্রভাগা নদীর উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। দিল্লির এই সিদ্ধান্তকে ইসলামাবাদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড়া এলাকায় চন্দ্রভাগা নদীর উপর দুলহস্তী স্টেজ–২ জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই প্রকল্প থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিবেশ মন্ত্রকের অধীন বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি (ESC) চলতি মাসের শুরুতেই প্রকল্পটির অনুমোদন দেয়। আনুমানিক ৩,২০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। পরিবেশ ছাড়পত্র পাওয়ার পর খুব শীঘ্রই নির্মাণ কাজের জন্য দরপত্র প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে কোনও সংস্থাকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে।

সূত্রের খবর, অনুমোদনের আগে কেন্দ্রীয় প্যানেলের বৈঠকে সিন্ধু জলচুক্তি নিয়েও আলোচনা হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে চন্দ্রভাগা নদীর জল বণ্টন সংক্রান্ত এই চুক্তি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর স্থগিত করে দেয় কেন্দ্র। যদিও চুক্তি আপাতত স্থগিত থাকলেও প্যানেলের দাবি, আগের চুক্তির কাঠামো মেনেই দুলহস্তী স্টেজ–২ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, কিস্তওয়াড়ায় ২০০৭ সাল থেকেই দুলহস্তী স্টেজ–১ জলবিদ্যুৎ প্রকল্প চালু রয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৯০ মেগাওয়াট। সেই প্রকল্পকেই সম্প্রসারণ করে দ্বিতীয় ধাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, স্টেজ–১ বিদ্যুৎকেন্দ্র থেকে একটি আলাদা নালার মাধ্যমে জল পৌঁছবে স্টেজ–২ বিদ্যুৎকেন্দ্রে। প্রায় ৩,৬৮৫ মিটার দীর্ঘ ও ৮ মিটার চওড়া এই নালার জন্য মোট ৬০.৩ হেক্টর জমির প্রয়োজন হবে। এর মধ্যে কিস্তওয়াড়ার দুটি গ্রাম থেকে ৮.২৭ হেক্টর জমি অধিগ্রহণের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে নেহরু আমলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্বাক্ষর করেছিল ভারত। সেই চুক্তি অনুযায়ী, সিন্ধু নদী ও তার উপনদী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ব্যবহারের অধিকার ভারতের হাতে ছিল। অন্যদিকে পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তা নদীর জলে পাকিস্তানের অধিকার নিশ্চিত করা হয়। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর মোদি সরকার সেই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক চাপের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে পাকিস্তান।

আরও পড়ুন ::

Back to top button