ক্রিকেট

‘ভারত থেকে ম্যাচ সরানোর দাবি অবাস্তব’, ফের বাংলাদেশকে কড়া বার্তা আইসিসির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ভারত থেকে ম্যাচ সরানোর দাবি অবাস্তব’, ফের বাংলাদেশকে কড়া বার্তা আইসিসির - West Bengal News 24

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। বিশ্বকাপ যত কাছে আসছে, ততই এই ইস্যুতে জটিলতা স্পষ্ট হচ্ছে। গোটা বিতর্কের কেন্দ্রে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা জানানো হলে বিষয়টি ঘিরে অসন্তোষ তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এরপর ইউনুস সরকারের চাপের কথা তুলে ধরে বিসিবি নিরাপত্তার যুক্তি দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয়। এমনকি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠিও পাঠানো হয়। তবে সেই দাবি যে বাস্তবসম্মত নয়, তা স্পষ্ট করে দিয়েছেন আইসিসির এক শীর্ষকর্তা।

আইসিসির ওই কর্তার বক্তব্য, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও বাস্তব সমস্যা নেই। ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ কেবল মুখে মুখেই নিরাপত্তার কথা বলছে, কিন্তু কোনও গ্রহণযোগ্য কারণ দেখাতে পারেনি। তাঁর কথায়, “ম্যাচ সরাতে গেলে আপনাকে তো বৈধ কারণ দেখাতেই হবে। এর জন্য যেখানে ম্যাচ রয়েছে, সেখানে সিকিউরিটি টিম পাঠাতে হত। তারপর রিপোর্টের ভিত্তিতে আবেদন করাটাই নিয়ম।” ক্রিকেটমহলের একাংশের মতে, ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করতেই এমন অবস্থান নিয়েছে বিসিবি।

আইসিসি কর্তা আরও বলেন, “ভারতে বিশেষ দল পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার ব্যাপারে কোনও রকম উচ্চবাচ্যই করছে না বাংলাদেশ। তাই কীভাবে ক্রিকেটারদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে কেউ? মনে রাখতে হবে, নিরাপত্তার দিক থেকে বহুজাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে অনবদ্য রেকর্ড রয়েছে ভারতের।” উল্লেখযোগ্যভাবে, আইসিসিকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখেছিল, ‘ভারতে বাংলাদেশের খেলাগুলো নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বাংলাদেশ সরকারের পরামর্শ মেনে নিয়ে বিসিবি এই সিদ্ধান্তে পৌঁছেছে, এই পরিস্থিতিতে জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।’

তবে এই চিঠির পরেও বাংলাদেশের আদৌ কোনও লাভ হবে কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। অনেকের মতে, এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্যই ক্ষতিকর হতে পারে। বিশ্বকাপে অংশ নিতে না চাইলে বাংলাদেশকে বাদ দিয়েই প্রতিযোগিতা আয়োজনের দিকেও এগোতে পারে নিয়ামক সংস্থা। আইসিসি কর্তার এই মন্তব্যের পর সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। উল্লেখ্য, এর আগেও মুস্তাফিজুরদের ভারতে খেলতে না এলে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল আইসিসি, যদিও তা স্বীকার করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য