জাতীয়

রামমন্দিরের ভিতরে ঢুকে নমাজের চেষ্টা, যোগী পুলিশের হাতে গ্রেপ্তার কাশ্মীরের প্রৌঢ়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রামমন্দিরের ভিতরে ঢুকে নমাজের চেষ্টা, যোগী পুলিশের হাতে গ্রেপ্তার কাশ্মীরের প্রৌঢ় - West Bengal News 24

ভিড়ের সুযোগ নিয়ে অযোধ্যার রামমন্দিরের ভিতরে প্রবেশ করে নমাজ পড়ার চেষ্টা করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি নজরে আসতেই তাঁকে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। শুক্রবার দুপুর প্রায় দুটো নাগাদ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রামমন্দির চত্বরে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সক্রিয় হয় প্রশাসন এবং মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

সূত্রের খবর, অভিযুক্তের নাম আহমেদ শেখ। বয়স ৫৫ বছর। তিনি জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা। আধিকারিকদের দাবি, শুক্রবার দুপুরে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে মিশে তিনি রামমন্দিরে ঢোকেন। কিছুক্ষণ মন্দির চত্বরে ঘোরাঘুরির পর সীতা রসোইয়ের কাছে গিয়ে বসেন ওই ব্যক্তি। সেখানেই চাদর পেতে নমাজ পড়ার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। বিষয়টি নজরে পড়তেই দ্রুত সেখানে পৌঁছন নিরাপত্তারক্ষীরা এবং তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নিরাপত্তারক্ষীদের অভিযোগ, আটক করার পর ওই প্রৌঢ় ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে পুলিশ, সিআরপিএফ, এসএসএফ-সহ সংশ্লিষ্ট অন্যান্য নিরাপত্তা সংস্থাকে খবর দেওয়া হয়। বর্তমানে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ধর্মীয় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই তিনি রামমন্দিরে প্রবেশ করেছিলেন। তিনি একা এসেছিলেন নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রামমন্দিরে আসার আগে আহমেদ আজমির ভ্রমণে গিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, আগামী সপ্তাহেই মকর সংক্রান্তি। সেই উপলক্ষে অযোধ্যায় ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তার আগেই এই ঘটনায় প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য