বলিউড

সুশান্তের পর এবার কার্তিক? বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kartik Aaryan : সুশান্তের পর এবার কার্তিক? বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান! - West Bengal News 24

বলিউডে স্বজনপোষণ ও লবি রাজনীতির অভিযোগ নতুন নয়। ইন্ডাস্ট্রির বাইরের শিল্পীদের বারবার কোণঠাসা হওয়ার অভিযোগ বহুদিনের। সেই প্রসঙ্গেই ফের আলোচনায় উঠে এলেন অভিনেতা কার্তিক আরিয়ান। গুঞ্জন, প্রয়াত সুশান্ত সিং রাজপুত-এর মতোই তাঁকেও নিশানা করছে বলিউডের একাংশ প্রভাবশালী মহল। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু পোস্ট সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে।

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার পর বলিউডের লবি ও স্বজনপোষণ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। বিশেষ করে অভিনেত্রী কঙ্গনা রানাউত সরব হয়ে অভিযোগ তুলেছিলেন, ইন্ডাস্ট্রির প্রভাবশালী খান-কাপুর গোষ্ঠী ও পরিচালক করণ জোহর-কে কেন্দ্র করে একচেটিয়া শক্তি কাজ করছে। সেই সময়ই দাবি উঠেছিল, প্রতিভা থাকা সত্ত্বেও ‘বহিরাগত’ হওয়ার কারণে একের পর এক কাজ হারাচ্ছিলেন সুশান্ত। যদিও তাঁর মৃত্যুর প্রকৃত রহস্য আজও অমীমাংসিত।

এই আবহেই নতুন করে কার্তিক আরিয়ানকে ঘিরে বিতর্ক দানা বাঁধে। দিন কয়েক ধরে নেটদুনিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। অভিযোগ ওঠে, গোয়ায় সফরের সময় এক বিদেশিনী তরুণীর সঙ্গে একই হোটেলে রাত কাটিয়েছেন অভিনেতা। এই গসিপ ঘিরে যখন সোশাল মিডিয়ায় তোলপাড়, তখনই সামনে আসে একাধিক ‘হেয়কারী’ পোস্ট।

সেই পোস্টগুলিতে লাইক দিতে দেখা যায় অভিনেতা শিখর পাহাড়িয়া, রাইসা পান্ডে-সহ আরও কয়েকজন তারকা-ঘনিষ্ঠকে। একটি পোস্টে লেখা ছিল,
“কার্তিক আরিয়ান বোধহয় কেস স্টাডি করছিলেন, কীভাবে সম্পর্কজনিত সমস্যায় ভোগা ৪০ বছর বয়সি কেউ ২০ বছর বয়সির চরিত্রে অভিনয় করেন। আর সেটা দেখে জেন জি-রা কেমন আচরণ করবে, সেটাই হয়তো তিনি দেখতে চেয়েছিলেন।”

আরেকটি পোস্টে ‘রুহ বাবা’ চরিত্রটিকে নির্জন দ্বীপে পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে অভিনেতাকে বিদ্রূপ করা হয়। সেই পোস্টগুলিতেও একাধিক পরিচিত মুখের লাইক নজর কাড়ে। ইন্ডাস্ট্রির বাইরের একজন অভিনেতা হয়েও কার্তিক যেভাবে নিজের জায়গা শক্ত করেছেন, তা নিয়েই কি ক্ষোভ জমছে তারকা-সন্তানদের মধ্যে—সেই প্রশ্ন উঠছে।

এই বিতর্কে আরও জ্বালানি যোগ করেন অভিনেতা সুনীল শেট্টি। একটি পোস্টে লাইক দিয়ে তিনি ইঙ্গিত দেন, কার্তিক আরিয়ানের বিরুদ্ধে সত্যিই বলিউডে বড়সড় ষড়যন্ত্র চলছে। যদিও এ ধরনের অভিযোগ এই প্রথম নয়।

এর আগেও কার্তিকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন গায়ক অমল মালিক। তিনি বলেছিলেন,
“সুশান্তের মৃত্যু বলিউডের ঘুম কেড়ে নিয়েছিল। ওদের এটাই প্রাপ্য। কারণ ভালো মানুষের সঙ্গে খারাপ করেছে। আর আজকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ওই একই ষড়যন্ত্র করা হচ্ছে কার্তিক আরিয়ানের বিরুদ্ধে। কার্তিক ওইসব সমস্যাগুলোর মধ্যে দিয়ে গেলেও হেসেখেলে বেরিয়ে গিয়েছে। কিন্তু ওঁর সঙ্গে ওঁর মা-বাবা রয়েছেন। কার্তিকও ইন্ডাস্ট্রির বহিরাগত। নিজের কাজ করছে। ক্ষমতা প্রদর্শন করে ওঁকেও বলিউডের একশোটা লোক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বড় বড় প্রযোজক, অভিনেতারা সব পারে।”

এই সব অভিযোগ সামনে আসতেই ফের একবার বলিউডে স্বজনপোষণ বনাম বহিরাগত বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য