
কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে দিল আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের পেশ করা যুক্তি আদালতে টেকেনি।
শুনানির সময় কেন্দ্রের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু জানান, ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি। তাঁর দাবি, যেসব নথি নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে সেগুলি ফিরিয়ে দেওয়া হোক, এই সওয়ালই করে ইডি।
এ দিন আদালতে রাজু আরও বলেন, আইপ্যাক সংস্থার ডিরেক্টরের দফতর ও বাড়িতে তল্লাশি চালানো হলেও তাতে আপত্তি জানিয়ে মামলা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশীস চক্রবর্তী। অথচ তিনি তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে তিনি যে তথ্যের ভিত্তিতে আদালতে মামলা করেছেন, তা কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন তোলে ইডি। মিথ্যের উপর দাঁড়িয়ে কোনও মামলা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এমনকি ইডির আইনজীবী কটাক্ষ করে বলেন, যদি কোনও অভিযোগ থাকেই, তবে তৃণমূলের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মামলা করা। সেক্ষেত্রে ইডির তরফে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এই সমস্ত যুক্তির ভিত্তিতেই তৃণমূলের মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে ইডির দায়ের করা মামলা আপাতত আদালতেই মুলতুবি থাকবে বলে জানানো হয়েছে।



