
কয়েকদিনের কনকনে ঠান্ডায় কার্যত গৃহবন্দি হয়ে পড়েছিলেন রাজ্যের বহু মানুষ। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে। তবে সেই হাড়কাঁপানো শীত এখন আর তেমন অনুভূত হচ্ছে না। এরই মধ্যে বড় পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)।
IMD জানিয়েছে, চলতি সপ্তাহান্ত থেকেই পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কমতে শুরু করবে ঠান্ডা। রাজ্যের প্রতিটি জেলায় ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে, আগামী পাঁচদিন সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। রাজ্যের অন্যান্য অংশে কুয়াশা থাকবে কম ঘন থেকে মাঝারি মাত্রার। IMD সূত্রে খবর, রবিবার থেকেই ঠান্ডার দাপট আরও কমবে।
বুধবার সকালে রাজ্যের সবচেয়ে শীতল এলাকা ছিল দার্জিলিংয়ের উঁচু অংশ, যেখানে তাপমাত্রা নেমে আসে ৩ ডিগ্রি সেলসিয়াসে। গোটা পাহাড়ি অঞ্চলে ন্যূনতম তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি। সমতলভূমির মধ্যে শ্রীনিকেতনে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় – ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার ও বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি। এছাড়া জলপাইগুড়ি ৯.৬, কল্যাণী ৯.৮, বহরমপুর ১০.২ ও মেদিনীপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে, এবছরের তীব্র শীত কি তবে বিদায়ের পথে – সেই ইঙ্গিতই দিচ্ছে হাওয়া অফিস।



