
ভোটমুখী বাংলায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের পসরা নিয়ে দু’দিনের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরসূচি অনুযায়ী ১৭ তারিখ মালদহ এবং ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই সফরে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন থেকে শুরু করে বলাগড়ে বন্দর গেট সিস্টেম মোট চার হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
শনিবার উত্তরবঙ্গ জুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা তুঙ্গে থাকবে। একই দিনে শিলিগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মালদহে একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশন থেকে দেশের প্রথম হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন তিনি।
এরপর দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ মালদহের সরকারি মঞ্চ থেকে ৩,২৫০ কোটিরও বেশি টাকার রেল ও সড়ক অবকাঠামো সংক্রান্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই তালিকায় রয়েছে বালুরঘাট-হিলি নতুন রেললাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়ির বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ। পাশাপাশি কোচবিহার–বামনহাট এবং নতুন কোচবিহার–বক্সিরহাট রুটে ইলেকট্রিক লাইনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চারটি নতুন বন্দে ভারত ট্রেন পরিষেবার সূচনাও হওয়ার কথা।
রবিবার ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সরকারি সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে প্রায় ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে বলাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেম প্রকল্প, যার আওতায় একটি রোড ওভার ব্রিজ নির্মাণও করা হবে। এছাড়াও জয়রামবাটি–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই রেলপথটি তারকেশ্বর–বিষ্ণুপুর রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।
নতুন রেল লাইনের পাশাপাশি ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবাও চালু হবে, যার একটি স্টপেজ থাকবে বড়গোপীনাথপুরে। এর ফলে বাঁকুড়া জেলার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ আরও মজবুত হবে। সব মিলিয়ে একাধিক নতুন ট্রেন ও উন্নয়ন প্রকল্পের সূচনার মধ্য দিয়ে মোদির এই বঙ্গ সফর রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অবকাঠামোগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



