উদ্বোধনের আগেই ধসে পড়ল ২১ কোটির জলের ট্যাঙ্ক! প্রথম দিনেই ভেস্তে গেল ৩৩ গ্রামের স্বপ্ন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জলের ট্যাঙ্ক থেকে ৩৩টি গ্রামে জল পৌঁছনোর কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই সেই ট্যাঙ্ক ভেঙে পড়ে কার্যত মুখ থুবড়ে পড়ল প্রকল্পটি। গুজরাতের তারকেশ্বর গ্রামে Gaipagla Group Water Supply Scheme-এর আওতায় তৈরি এই বিশাল জলাধার ধসে পড়ার ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে গুজরাত পুলিশ। শুরু হয়েছে তদন্তের পাশাপাশি ধরপাকড়ও।
গত ১৯ জানুয়ারি ১৫ মিটার উঁচু এই জলের ট্যাঙ্কের ধারণক্ষমতা পরীক্ষা করতে ৯ লক্ষ লিটার জল ভরেছিলেন ইঞ্জিনিয়াররা। পরীক্ষা চলাকালীনই আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ে ট্যাঙ্কটি। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ জল বেরিয়ে এসে এলাকায় জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় অন্তত তিনজন শ্রমিক আহত হন।
ঘটনাস্থলে এখন ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টিলের টুকরো, বড় বড় পাথর ও ভাঙা কাঠামোর অংশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করেই এই জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল, যার ফলেই এত বড় বিপর্যয়।
উদ্বোধনের আগেই এত ব্যয়বহুল একটি প্রকল্পের এই পরিণতি গুজরাত প্রশাসনের কাছে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কী কারণে ট্যাঙ্কটি ভেঙে পড়ল, কারা দায়ী, নির্মাণে কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল – এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।



