অক্সিজেন ছাড়া ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গে ২৪ ঘণ্টা, বিশ্বরেকর্ড ভারতীয় পর্বতারোহীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে যোগ হল এক অনন্য অধ্যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার উচ্চতায় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে টানা ২৪ ঘণ্টা অক্সিজেন ছাড়া অবস্থান করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় পর্বতারোহী রোহিতাশ খিলেরি (Rohtash Khileri World Record)। শৃঙ্গে শুধু আরোহণই নয়, দীর্ঘ সময় সেখানে থেকে ভারতের পতাকা উড়িয়ে বিশ্ববাসীর নজর কাড়লেন তিনি। এই অসাধারণ কৃতিত্বে গর্বিত দেশবাসীর পাশাপাশি প্রশংসা করছে পর্বতারোহী মহল ও বিজ্ঞানীরাও।
উচ্চ পার্বত্য এলাকায় অক্সিজেনের ঘাটতি কতটা মারাত্মক হতে পারে, তা পাহাড়ভ্রমণকারীরাও জানেন। সান্দাকফু বা ছাঙ্গু লেকের মতো জায়গায় পৌঁছালেই শ্বাস নিতে কষ্ট শুরু হয়। সেই কারণেই পর্বতারোহীরা সাধারণত শৃঙ্গ জয়ের পর দ্রুত নীচে নেমে আসেন। বিশেষজ্ঞদের মতে, পাঁচ হাজার মিটার উচ্চতায় পৌঁছলে বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে যায়। এত উঁচু স্থানে দীর্ঘ সময় থাকা দ্রুত ওঠানামার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ। অথচ সেই অসম্ভব কাজটাই করে দেখিয়েছেন রোহিতাশ খিলেরি।
পর্বতারোহণ বিশেষজ্ঞদের দাবি, মাউন্ট এলব্রুসের মতো উচ্চতায় অক্সিজেন ছাড়াই ২৪ ঘণ্টা কাটানো পর্বতারোহণের ইতিহাসে একেবারেই বিরল ঘটনা। এই পরিস্থিতিতে শরীরের উপর প্রচণ্ড চাপ পড়ে, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সামান্য নড়াচড়াতেও শক্তি দ্রুত ক্ষয় হয়। এমনকি জীবনহানির আশঙ্কাও থাকে। সেই ঝুঁকির মধ্যেই অসামান্য শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন রোহিতাশ।
এই বিশ্বরেকর্ডের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের কঠোর প্রস্তুতি। রোহিতাশ নিজেই জানিয়েছেন, এই সাফল্যের জন্য টানা আট বছর কঠিন অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। আগের অভিযানে ফ্রস্টবাইটের মতো গুরুতর সমস্যায় ভুগলেও লক্ষ্য থেকে একচুলও সরে যাননি। তাঁর মতে, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তাই এই ঐতিহাসিক সাফল্যের মূল চাবিকাঠি।



