
হাওড়া স্টেশন থেকে পথচলা শুরু করল হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিটে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে এই অত্যাধুনিক ট্রেন। রেল সূত্রের খবর, রিজার্ভেশন চালু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ট্রেনের সমস্ত আসন পূর্ণ হয়ে যায়। ফলে শুরু থেকেই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ চোখে পড়ছে, যা ভারতীয় রেলের আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ১৬ কোচের ট্রেনে রয়েছে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে ৮০০-র বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে কবচ ব্যবস্থা, এমার্জেন্সি টক ব্যাক সিস্টেমসহ একাধিক আধুনিক সুবিধাও রাখা হয়েছে।
ভাড়ার ক্ষেত্রেও রেল নির্দিষ্ট কাঠামো ঘোষণা করেছে। খাবার খরচ-সহ থার্ড এসির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৩০০ টাকা। সেকেন্ড এসির ক্ষেত্রে ভাড়া ৩,০০০ টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে যাতায়াতের জন্য যাত্রীদের খরচ করতে হবে ৩,৬০০ টাকা।
দীর্ঘ পথ অতিক্রম করে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মোট ১৩টি স্টেশনে থামবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ছাড়ার পর প্রথম স্টপেজ ব্যান্ডেল। এরপর পর্যায়ক্রমে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া হয়ে ট্রেনটি পৌঁছবে কামাখ্যায়। কামাখ্যা থেকে ফেরার সময়ও একই স্টেশনগুলিতে ট্রেনটি দাঁড়াবে।
এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন চলাচল করবে। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে। অন্যদিকে কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। তবে কামাখ্যা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার এই ট্রেন চলবে না।



