
কথিত আছে, মা সরস্বতীর আশীর্বাদ নাকি তাঁর গলাতেই বিরাজ করে। সেই বিশ্বাসকেই যেন শিল্পীসত্তা দিয়ে জীবন্ত করেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। দেশ-বিদেশে তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়লেও নিজের মাটির সঙ্গে যোগ কখনও আলগা হয়নি। এবছর সরস্বতী পুজোয় সেই ‘ঘরের ছেলে’কে বিশেষভাবে সম্মান জানাতে এক ব্যতিক্রমী ভাবনায় মূর্তি গড়ে তুলেছে কান্দি শহরের তারা মাতলা জুনিয়র পুজো কমিটি। মা সরস্বতীর প্রতিমার ঠিক পাশেই স্থান পেয়েছে অরিজিৎ সিংয়ের মাটির মডেল। গিটার হাতে বসে থাকা সেই অবয়ব যেন সুরের মূর্ছনায় মগ্ন। এই অভিনব প্রতিমা দেখতে শুক্রবার সকাল থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা অরিজিৎ সিং আজ আন্তর্জাতিক স্তরে পরিচিত নাম। তিনি শুধু জেলার গর্ব নন, গোটা দেশের অহংকার। তাঁর সঙ্গীতজীবনের সাফল্যকে কুর্নিশ জানাতেই পুজো কমিটির এই অভিনব উদ্যোগ। বিদ্যার দেবীর পাশাপাশি সঙ্গীত ও জ্ঞানের অধিষ্ঠাত্রী মা সরস্বতীর পায়ের কাছে জেলার অন্যতম সফল শিল্পীর প্রতিকৃতি স্থাপন করে এক অনন্য বার্তা দিতে চেয়েছে উদ্যোক্তারা। দেবীর আরাধনার সঙ্গে সঙ্গে শিল্পীর প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই ভাবনায়। এবছর এই ব্যতিক্রমী প্রতিমাটি নির্মাণ করেছেন কান্দি শহরের রূপপুর এলাকার শিল্পী রাহুল বিত্তার।
শিল্পীর দক্ষতায় অরিজিতের মুখাবয়ব, পোশাক ও চুলের স্টাইল নিখুঁতভাবে ফুটে উঠেছে। সরস্বতী প্রতিমার পাশে অরিজিতের হাতে থাকা গিটার দেখে মনে হচ্ছে, যেন তিনি মঞ্চে বসে সরাসরি গান পরিবেশন করছেন। সুরের মাধ্যমে নিজের ভক্তি ও শ্রদ্ধা তিনি মা সরস্বতীর চরণে নিবেদন করছেন এমনই ভাবনায় তৈরি হয়েছে এই শিল্পকর্ম। মূর্তির পেছনে আলোর সূক্ষ্ম ব্যবহারে পুরো অবয়ব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দর্শনার্থীদের অনেকেই মত প্রকাশ করেছেন, এটি শুধুই একটি মূর্তি নয়, বরং সঙ্গীত ও ভক্তির এক অনবদ্য মেলবন্ধন।
পুজো কমিটির এক সদস্য বলেন, ‘অরিজিৎ সিং আমাদের জেলার গর্ব। তাঁর গান আমাদের মতো অনেকের নিত্যদিনের সঙ্গী। সরস্বতী পুজোয় বিদ্যা ও সঙ্গীতের দেবীকে সামনে রেখে তাঁকে সম্মান জানাতে চেয়েছি আমরা। সাফল্যের শীর্ষে থেকেও অরিজিৎ সিং-এর অত্যন্ত সাদামাটা জীবনযাপন আমাদের সকলের কাছে শিক্ষণীয়।’ এই অভিনব ভাবনার জেরে এবছর কান্দির তারা মাতলা জুনিয়র পুজো কমিটি জেলার অন্যতম আলোচিত পুজো হিসেবে উঠে এসেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রতিমা ও অরিজিতের ছবি ভাইরাল হয়েছে। অনেকেই সেখানে লিখেছেন ‘সঙ্গীতের দেবতা মা সরস্বতীর চরণে’।



