আনন্দপুর অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ঘটনার তদন্তে ইতিমধ্যেই জনপ্রিয় মোমো প্রস্তুতকারী সংস্থার দুই আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার এই মর্মান্তিক ঘটনায় এবার সাহায্যের ঘোষণা এল প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে।
শুক্রবার সন্ধ্যায় পিএমও থেকে আনন্দপুরের হতাহতদের জন্য আর্থিক সহায়তার কথা জানানো হয়। এক্স হ্যান্ডলে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, আনন্দপুরের এই বড়সড় দুর্ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে পুনরায় জানানো হয়, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতেই কেন্দ্রের এই তৎপরতা।
উল্লেখ্য, গত রবিবার ২৫ জানুয়ারি গভীর রাতে আনন্দপুরের কাছেই নাজিরাবাদে জনপ্রিয় মোমো প্রস্তুতকারী সংস্থার কারখানায় আগুন লাগে। বাইরে বেরোতে না পেরে একের পর এক শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান। শুক্রবার পর্যন্ত উদ্ধারকাজে মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন মেনেই বৃহস্পতিবার আনন্দপুরের ঘটনাস্থলে পৌঁছেছিলেন।
যদিও তিনি দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরদিন শুক্রবার হাই কোর্টের অনুমতি নিয়ে একই ইস্যুতে নির্দিষ্ট রুটে বিজেপির প্রতিনিধিরা মিছিল করেন। সেই মিছিলে ডিজে বাজানো ঘিরে বিতর্কও তৈরি হয়। এর পরই শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে হতাহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়।



