কলকাতা

ব্লু লাইনে যাত্রী স্বস্তি, শহিদ ক্ষুদিরামে তৈরি হল নতুন ক্রসওভার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ব্লু লাইনে যাত্রী স্বস্তি, শহিদ ক্ষুদিরামে তৈরি হল নতুন ক্রসওভার - West Bengal News 24

দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশনে ঢোকার আগেই প্রায়শই ঘোষণা শোনা যায় ওই রেক শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না, টালিগঞ্জই শেষ স্টেশন। ফলে বিরক্তি আর ক্ষোভ নিয়েই যাত্রীদের টালিগঞ্জে নামতে হয়। উল্টো দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জে রেক পৌঁছতে দেরি হওয়ায় সেখানেও ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। অনেক সময় টালিগঞ্জ স্টেশনে মেট্রো এসে দাঁড়িয়ে থাকায় দক্ষিণেশ্বরমুখী যাত্রীদের অপেক্ষা বেড়ে যায়। দেরির জেরে যাত্রীদের মধ্যে অসন্তোষও তৈরি হয়। কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই রেক ঘোরানো নিয়ে এই সমস্যা আরও প্রকট হয়েছিল। তবে এবার সেই জট কাটতে চলেছে। শহিদ ক্ষুদিরাম পার করেই কবি সুভাষ যাওয়ার আগেই ট্রেন ঘোরানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। স্টেশনের নিচের মাটি বসে যাওয়ার খবরও সামনে আসে। সেই কারণেই স্টেশনটি বন্ধ করে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ এবং নতুন করে স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চলাচল শুরু হয়। এই ব্যবস্থায় পরিষেবা দেরিতে চলার অভিযোগ ওঠে। বহু রেক দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত গিয়ে সেখান থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছিল।

মেট্রো সূত্রে জানা গেছে, কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পর রেক ঘোরানোর ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দেয়। দক্ষিণেশ্বর অভিমুখে ট্রেন ছাড়তেও দেরি হচ্ছিল। যাত্রীদের অসুবিধা কমাতে কিছু মেট্রো রেক দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত চলাচল করছিল। এই পরিস্থিতিতে সমাধান হিসেবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘ক্রসওভার’ তৈরির কাজ শুরু হয়, যার মাধ্যমে রেক সহজেই লাইন বদল করতে পারে। সেই কাজ এখন প্রায় শেষ। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। এর ফলেই শহিদ ক্ষুদিরাম অতিক্রম করে কবি সুভাষের আগেই ট্রেন ঘোরানো সম্ভব হচ্ছে। ফলে আগের মতো দক্ষিণেশ্বরগামী মেট্রোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষের আশা, শীঘ্রই ব্লু লাইনের পরিষেবা আরও স্বাভাবিক হবে।

গত জুলাইয়ের শেষে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন বিপত্তির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই উত্তর-দক্ষিণ মেট্রোর প্রান্তিক অংশে রেক ঘোরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি সামাল দিতে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই ট্রেন ঘোরানোর পরিকল্পনা করা হয়। তবে বিভিন্ন কারণে সেই কাজ শেষ হতে সময় লেগে যায়। এর পাশাপাশি টালিগঞ্জ সংলগ্ন মেট্রো কারশেড আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়। টালিগঞ্জ থেকে রেকের রক্ষণাবেক্ষণের পাশাপাশি ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরমুখী ট্রেন চালানোও শুরু হয়। এই আবহেই শহিদ ক্ষুদিরামের ক্রসওভারের কাজ সম্পূর্ণ হয়েছে বলে রেল সূত্রের খবর। গত কয়েক দিন ধরে পরীক্ষামূলকভাবে সেখান থেকে রেক ঘোরানো হচ্ছে এবং সিগন্যাল বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মেট্রো সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত তেমন কোনও সমস্যা ধরা পড়েনি। ধাপে ধাপে আরও দ্রুততার সঙ্গে রেক ঘোরানো সম্ভব হবে বলেই আশা। শুরুতে পুরো প্রক্রিয়া একেবারে মসৃণ না হলেও পয়েন্ট ও সিগন্যাল সংক্রান্ত সম্ভাব্য সমস্যা এড়াতে বারবার পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য