
দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমণ এই নজির নিজেই ইতিহাস। তবে আসন্ন বাজেটে তিনি আরও এক ধাপ এগিয়ে ৭৫ বছর ধরে চলে আসা বাজেট-রীতিতেই পরিবর্তন আনতে চলেছেন বলে জানা যাচ্ছে।
সাধারণত বাজেট বক্তৃতা দুই ভাগে বিভক্ত থাকে পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ-তে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের চিত্র, কোষাগারের অবস্থা ও বড় নীতিগত বা অর্থনৈতিক ঘোষণাগুলির জায়গা থাকে। আর পার্ট বি মূলত করকাঠামো ও তুলনামূলক ছোট নীতি-পরিবর্তন নিয়ে সীমাবদ্ধ থাকে। এতদিনের রীতিতে প্রথম অংশই বেশি গুরুত্ব পেত, দ্বিতীয় অংশ থাকত সংক্ষিপ্ত।
এবার সেই চেনা ছকেই বদল আনতে চলেছেন অর্থমন্ত্রী। সূত্রের দাবি, আসন্ন বাজেটে পার্ট এ হবে তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, আর পার্ট বি থাকবে বিস্তৃত। কারণ, আগামী ২৫ বছরের জন্য দেশের অর্থনীতির দিশা নির্ধারণ করাই তাঁর লক্ষ্য। চলতি শতাব্দীর ২৬তম বাজেট হিসেবে এটি এক নতুন পর্বের সূচনাও প্রথম চতুর্থাংশ শেষ করে দ্বিতীয় চতুর্থাংশে পা দিচ্ছে ভারত। সেই কারণেই স্বল্পমেয়াদি করনীতির পাশাপাশি দীর্ঘমেয়াদি করকাঠামোর রূপরেখাও বিস্তারিতভাবে তুলে ধরতে চাইছেন তিনি। আর সেই লক্ষ্যেই বাজেটের দ্বিতীয় অংশে বাড়তি গুরুত্ব।
এমনিতেই তাঁর আমলে একের পর এক প্রথা ভাঙার নজির তৈরি হয়েছে। চিরাচরিত ব্রিফকেসের বদলে খাতা, ডিজিটাল বাজেটের সূচনা—সবই এসেছে তাঁর হাত ধরে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি সংযোজন রবিবার বাজেট পেশ। নতুন এই নজিরও গড়তে চলেছেন নির্মলাই।



