টলিউড

গোমাংস বিতর্কে পিছু হটল সায়ক, অলি পাবের ক্ষমার পর বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sayak Chakraborty : গোমাংস বিতর্কে পিছু হটল সায়ক, অলি পাবের ক্ষমার পর বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার - West Bengal News 24

গোমাংস বিতর্কে অবশেষে সুর নরম করল পার্ক স্ট্রিটের অলি পাব। রবিবার সোশাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে রেস্তরাঁ কর্তৃপক্ষ ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য ক্ষমা চায়। পোস্টে জানানো হয়, কোনও গ্রাহকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। সেই ক্ষমা প্রার্থনার কিছুক্ষণের মধ্যেই নাটকীয় মোড় বেয়ারার বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী।

সায়কের অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, তবে কি প্রবল সমালোচনার চাপে পিছু হটলেন তিনি? কারণ, সোশাল মিডিয়ায় নিজের পোস্টে সায়ক বলেন, “আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক…”。

গত ২৪ ঘণ্টায় গোমাংস বিতর্ক ঘিরে তীব্র আলোড়ন দেখা দেয় সোশাল মিডিয়ায়। বেয়ারার ধর্মীয় পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে সায়ক নিজেও সমালোচনার মুখে পড়েন। শেষ পর্যন্ত অলি পাব এবং তাদের এক কর্মীর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা এফআইআর প্রত্যাহার করে নেন তিনি। ওই অভিযোগের ভিত্তিতেই শনিবার সকালে গ্রেপ্তার হন রেস্তরাঁর কর্মী শেখ নাসির উদ্দিন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় মামলা রুজু হয়। পরে আদালতে পেশ করা হলে ওই কর্মীর জামিন মেলেনি বলেই জানা গিয়েছে।

এর মধ্যেই শনিবার রাতে সায়কের বিরুদ্ধেও পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে ‘দাঙ্গায় উসকানি দেওয়ার’ অভিযোগ তোলেন। বিতর্ক আরও না বাড়াতে অলি পাবের ক্ষমা চাওয়ার পরই নিজের অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সায়ক।

এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে সায়ক চক্রবর্তী বলেন, “অলি পাব ক্ষমা চাইল অবশেষে। তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে। রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের গাছাড়া ভাবে আমার মাথার ঠিক ছিলো না। আমি কোনোদিনও গোমাংস মুখে নিইনি। এবার থেকে দেখেশুনে বুঝে চলব না হয়। আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক, হয়ত। ওই ভদ্রলোক আর অলি পাবের বিরুদ্ধে আমি কমপ্লেন প্রত্যাহার করছি। আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিল। হতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিল, আমি দুঃখিত।”

এর সঙ্গে তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু-মুসলিমের সমস্যা নেই। আমি নিজের কিছু ‘আচার’ মেনটেইন করতে চাই শুধু। আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।”

সব মিলিয়ে, অলি পাবের ক্ষমা ও সায়কের অভিযোগ প্রত্যাহারের পর আপাতত এই বিতর্কে কিছুটা হলেও ইতি পড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য