এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মমতা, আইনি লড়াই তীব্র
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এসআইআর নিয়ে এবার নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি আইনি সংঘাতে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার দিল্লি পৌঁছেই তিনি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দপ্তরের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছেন। জানা গিয়েছে, এই মামলা কোনও দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়ের করেছেন।
আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। সেই শুনানিতে উপস্থিত থাকার কথা ঘনিষ্ঠ মহলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগেই তাঁর নিজের হাতে মামলা দায়ের হওয়ায় জল্পনা শুরু হয়েছে আবার কি তাঁকে আইনজীবীর ভূমিকায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যাবে?
বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, তড়িঘড়ি করে বাংলায় এসআইআর চালানোর পিছনে বিজেপির একটি সুপরিকল্পিত ‘ষড়যন্ত্র’ রয়েছে। এই প্রক্রিয়ায় একাধিক ত্রুটির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী অন্তত ছ’বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেও কোনও উত্তর মেলেনি বলে দাবি তৃণমূলের।
এই পরিস্থিতিতেই রবিবার দিল্লি পৌঁছন মুখ্যমন্ত্রী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। তবে সেই বৈঠকের আগেই কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলা যে বড়সড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আগামী ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর সংক্রান্ত শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ দোলা সেন, ডেরেক ও’ ব্রায়েনদের দায়ের করা মামলাগুলির শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিট পিটিশনেরও শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে আবারও কি বাংলার মুখ্যমন্ত্রীকে আইনজীবী হিসেবে মানুষের হয়ে সওয়াল করতে দেখা যাবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।



