
প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে সংসদে বাজেট ভাষণ দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু এত দীর্ঘ ভাষণের মধ্যেও বাংলার জন্য কোনও নির্দিষ্ট প্রকল্প বা আর্থিক বরাদ্দের ঘোষণা না থাকায় অসন্তোষ ছড়িয়েছে রাজ্যে। বাজেট ঘোষণার পরেই তীব্র সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
দিল্লিতে সংসদের বাইরে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে আক্রমণ করে বলেন, “বাংলার জন্য কোন বরাদ্দ, প্রকল্প কিছুই আনেনি এই বাজেট। বাংলার কৃষক, শ্রমিক, তফসিলি কারও জন্য কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থানেও কিছু নেই। ৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছেন। পুরনো কিছু বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ।”
একই সুর শোনা যায় বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, “ওরা জানে বাংলার থেকে কিছু পাওয়ার নেই। তাই বাংলার জন্য কিছুই করতে পারল না।” তৃণমূল সাংসদ সৌগত রায়ও বাজেট নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “কিছু নেই। বাংলার কথাটাও নেই।”
এদিকে কেন্দ্রীয় বাজেটে আত্মনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে মোদি সরকার। সেই লক্ষ্যেই কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে, আবার কিছু যন্ত্রাংশ ও কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে। এর ফলে বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তে পারে, অন্যদিকে দেশীয় পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।
বাজেটে নেশাজাত পণ্যের ক্ষেত্রেও স্বস্তি নেই। মদ, বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ার ইঙ্গিত মিলেছে। যদিও চিকিৎসাক্ষেত্রে কিছু ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।
তবে করদাতাদের জন্য বড় কোনও ঘোষণা না থাকায় মধ্যবিত্তদের মধ্যে হতাশা রয়ে গেছে। ঘোষণা অনুযায়ী, ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন। নতুন আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। অডিট ছাড়া ব্যবসা বা ট্রাস্টের ক্ষেত্রে রিটার্ন জমার শেষ তারিখ ৩১ আগস্ট। কর কাঠামো আরও সরল করার আশ্বাস দেওয়া হলেও সার্বিকভাবে করদাতাদের হতাশাই প্রকাশ পাচ্ছে।
সব মিলিয়ে কেন্দ্রীয় বাজেট নিয়ে অসন্তোষের আবহে এখন রাজ্যের নজর আগামী ৫ ফেব্রুয়ারির রাজ্য বাজেটের দিকে।



