নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি বয়কট ডাক, দিল্লিতে তুঙ্গে মমতা-কমিশন সংঘাত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে এসে নিজেকে ‘অপমানিত’ বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে সেখানেই বয়কটের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পর রাজধানীতেই কি আরও বড় আন্দোলনের সূচনা হতে চলেছে তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার থেকে কী পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে দিল্লির রাজনীতি।
বাংলায় এসআইআর প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের স্বার্থে কাজ করছে। এই ইস্যুতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে ছ’টি চিঠি পাঠালেও কোনওটিরই উত্তর মেলেনি বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, এসআইআর ঘিরে বাংলায় ‘মৃত্যুমিছিল’ চলছে। অভিযোগ, আতঙ্কে রাজ্যে ১৪০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার এই প্রশ্নই দিল্লিতে গিয়ে ফের তুলেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে বৈঠকে যান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের আধিকারিকদের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয়। তবে কমিশনের আচরণ ও বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হবে—সে বিষয়ে তিনি ‘আগামীকালের অপেক্ষা’-র ইঙ্গিত দেন।
এদিকে, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের অনেককেই দিল্লিতে আনা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা বঙ্গভবনে রয়েছেন। তাঁদের সঙ্গে নিয়েই কি রাজধানীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারের ‘আতাঁত’-এর অভিযোগে দিল্লির মাটিতেই কি সরব হবেন তিনি, তা নিয়েও চলছে আলোচনা।
সূত্রের খবর, এসআইআর ইস্যুতে সোমবারই জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আন্দোলনের রূপরেখা রাতেই চূড়ান্ত হতে পারে। মঙ্গলবার তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিও হতে পারে বলে জানা যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, “সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। অমর্ত্য সেনদের বিনা কারণে ডাকছে কমিশন।সিইসিকে বয়কট করলাম।”



