রাজ্য

‘প্রয়োজনে সময় বাড়ানো হবে’, মমতার এসআইআর মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘প্রয়োজনে সময় বাড়ানো হবে’, মমতার এসআইআর মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ - West Bengal News 24

সুপ্রিম কোর্টের প্রয়োজন মনে হলে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি পেতে পারে এমনই ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেন তিনি। আদালত জানিয়েছে, আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে আবারও আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারবেন।

দেশের বিচারব্যবস্থার ইতিহাসে নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থেকেও তিনিই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে উপস্থিত হয়ে নিজে সওয়াল করলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলার সাধারণ মানুষের হয়রানির বিষয়টি তুলে ধরেন তিনি। বিচারপতিরা তাঁর বক্তব্যে কোনও বাধা দেননি। প্রায় পাঁচ মিনিট ধরে প্রধান বিচারপতির সামনে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করছে না বলে অভিযোগ করেন তিনি। নামের ‘এ’ কার বা ‘আ’ কারের মতো সামান্য ভুলের জন্য ভোটারদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে বলেও জানান। এমনকি বিয়ের পর পদবি পরিবর্তনের কারণেও বহু মহিলাকে তলব করা হচ্ছে এই গুরুতর অভিযোগও ওঠে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

শুনানির সময় মুখ্যমন্ত্রী পাঁচ মিনিট সময় চেয়ে আবেদন করেন। তখন প্রধান বিচারপতি বলেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই।” বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন, “দরকার হলে সময় বাড়াব, দেখছি। সোমবার আবার শুনানি। তিনি যে কারণে এসেছিলেন বাংলার মানুষের হয়ে, অনেকটা বলেছেন। সোমবার যদি আসেন, বাকিটা পরের দিন বলতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন।”

শুনানি শেষে সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে নোটিস জারি করেছে। পাশাপাশি আদালত জানায়, রাজ্য সরকার সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন ::

Back to top button