জাতীয়

রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পরই শপথ, মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Yumnam Khemchand Singh : রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পরই শপথ, মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং - West Bengal News 24

রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রায় এক বছর পর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অবসান হয়। এরপরই শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। তাঁর সঙ্গে শপথগ্রহণ করেন দুই উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন ও লোসি দিখো। পাশাপাশি রাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন গোবিন্দাস কন্থুজাম।

মেইতেই ও কুকি সম্প্রদায়ের তীব্র সংঘর্ষের আবহে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন এন বিরেন সিং। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে স্থগিত হয়ে যায় মণিপুর বিধানসভা এবং রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন। বুধবার সেই শাসন প্রত্যাহার করা হয়। সন্ধ্যা ছ’টার দিকে একে একে শপথ নেন মুখ্যমন্ত্রী, দুই উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করতে কার্যত ‘কোটা পদ্ধতি’ মেনে নেতৃত্ব বাছাই করেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধি। উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন কুকি সম্প্রদায়ের এবং লোসি দিখো নাগা সম্প্রদায়ের প্রতিনিধি।

২০২৩ সাল থেকে ভয়াবহ হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি মানুষ, ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সেই সংঘর্ষের পর আপাতত কিছুটা শান্ত পরিস্থিতি ফিরেছে রাজ্যে। নতুন সরকার গঠনের পর যাতে ফের হিংসা ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই সম্প্রদায়ভিত্তিক ভারসাম্য রেখে নেতৃত্ব নির্বাচন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মেইতেই এবং উপ-মুখ্যমন্ত্রী কুকি ও নাগা এই সমীকরণেই সিলমোহর পড়ল।

আরও পড়ুন ::

Back to top button