রাজ্য

স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরাও! ডেলিভারি বয়, ক্যাব ড্রাইভারদের জন্য বড় ঘোষণা বাজেটে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরাও! ডেলিভারি বয়, ক্যাব ড্রাইভারদের জন্য বড় ঘোষণা বাজেটে - West Bengal News 24

গিগ ইকোনমিতে যুক্ত কর্মীদের স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসছেন। খাবার ডেলিভারি কর্মী, অ্যাপ-বাইক চালক, ক্যাব ড্রাইভারসহ গিগ ইকোনমির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুবিধা পাবেন।

গিগ কর্মীদের মধ্যে পড়েন অ্যাপভিত্তিক পরিষেবায় যুক্ত কর্মী এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও। এই অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গিগ কর্মীদের জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হবে। সেখানে আবেদন জানাতে পারবেন তাঁরা। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা। শুধু চিকিৎসা পরিষেবাই নয়, গিগ কর্মী বা তাঁদের পরিবার একাধিক এককালীন সহায়তাও পেতে পারেন বলে জানা যাচ্ছে।

বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় প্রতিটি পরিবারের সদস্যরা চিকিৎসার সুবিধা পান। এবার সেই পরিসর আরও বাড়িয়ে গিগ কর্মীদেরও আলাদাভাবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী বলেন,
“সামাজিক সুরক্ষা নেই গিগ ওয়ার্কারদের। একটা পোর্টাল খোলা হবে। সেখানে অ্যাপলাই করতে পারবে। একটা সার্ভে হবে। অসুস্থ হলে, মারা গেলে পরিজনরা সাহায্য পাবে।”

বৃহস্পতিবার ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের তৃতীয় মেয়াদের এটি শেষ বাজেট। নতুন সরকার গঠনের পর ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তার আগে অন্তর্বর্তী বাজেটে গিগ কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার পাশাপাশি বেকার যুবসমাজের জন্য নতুন প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য