বাংলার ৪ এলাকায় SIR শুনানির সময়সীমা বাড়ার ইঙ্গিত! পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যের চারটি এলাকায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময়সীমা বাড়তে চলেছে। মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা ও কার্শিয়াং এই চার জায়গায় এখনও বিপুল পরিমাণ কাজ বাকি রয়েছে। পরিস্থিতির কথা জানিয়ে সংশ্লিষ্ট এলাকার আধিকারিকরা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠান, যা পরে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও পৌঁছেছে। সূত্রের দাবি, এই এলাকাগুলিতে শুনানির সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, শুনানির নোটিস পাওয়ার পরেও প্রায় ৫ লক্ষ ভোটার প্রক্রিয়ায় অংশ নেননি বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। এর আগে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। নতুন করে এই ৫ লক্ষ যোগ হলে মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৬৩ লক্ষে। তবে আরও নাম বাদ পড়তে পারে বলেও জল্পনা রয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডাকার কথা ছিল। বৃহস্পতিবার পর্যন্ত সকলের কাছেই নোটিস পৌঁছেছে। ইতিমধ্যে প্রায় ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি শেষ হয়েছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি। এর মধ্যে প্রায় ৮০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা সম্ভব হলেও, প্রায় ৭২ লক্ষের তথ্য যাচাই এখনও সম্পন্ন হয়নি। অথচ হাতে সময় রয়েছে মাত্র ২৪ ঘণ্টা। এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত শুনানি শেষ করা কার্যত অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, কার্শিয়াং ও মেটিয়াবুরুজ এই দুই বিধানসভা কেন্দ্রে শুনানির গতি বিশেষ ধীর বলে জানা যাচ্ছে। সেখানে প্রক্রিয়া দ্রুত শেষ করতে অতিরিক্ত ৫০ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষ আধিকারিকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ না হলে সময়সীমা বাড়ানো ছাড়া উপায় থাকবে না। সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে না বলেই ইঙ্গিত মিলছে।



