ক্রিকেট

ভারতকে বাড়তি সুবিধা? ম্যাচের আগে বিস্ফোরক অভিযোগ নামিবিয়া অধিনায়কের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতকে বাড়তি সুবিধা? ম্যাচের আগে বিস্ফোরক অভিযোগ নামিবিয়া অধিনায়কের - West Bengal News 24

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে তৈরি হয়েছে বিতর্ক। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে, রাতের আলোয় আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ যা অনেক অ্যাসোসিয়েট দেশের কাছে স্বপ্নের মতো সেই বিষয়েই অসন্তোষ প্রকাশ করল নামিবিয়া শিবির। অভিযোগ, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমান সুযোগ পাচ্ছে না তারা। বিশেষ করে, নৈশালোকে অনুশীলনের সুযোগ না পাওয়ায় ক্ষোভ বাড়ছে।

নামিবিয়ার অধিনায়ক জেরার্ড ইরাসমাস বুধবার আইসিসির বিরুদ্ধে সরব হয়ে জানান, তাঁদের দলকে রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত টানা দু’দিন ফ্লাডলাইটের নিচে অনুশীলন করেছে। এমনকি কানাডাও (যাদের আপাতত রাতের ম্যাচ নেই) সেই সুবিধা পেয়েছে। কিন্তু নামিবিয়া সেই সুযোগ থেকে বঞ্চিত। ইরাসমাস বলেন, “জানি না কেন, ম্যাচের আগে এক দিনও রাতে অনুশীলন করার সুযোগ পাইনি। অথচ ভারতকে দু’বার রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। এ বার আপনারা যা বোঝার বুঝে নিন।”

নামিবিয়ার দলে রাতের ম্যাচ খেলার অভিজ্ঞতা কার্যত নেই বললেই চলে। তাদের দেশে কোনও স্টেডিয়ামেই ফ্লাডলাইট নেই। বড় দলের বিরুদ্ধে নিয়মিত সিরিজও খেলা হয় না। ফলে আন্তর্জাতিক মঞ্চে রাতের আলোয় খেলার অভিজ্ঞতা সীমিত। যাঁরা নেপাল প্রিমিয়ার লিগ বা আইএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন কিংবা আগে বিশ্বকাপ খেলেছেন, তাঁরাই কেবল কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ইরাসমাস আক্ষেপ করে বলেন, “আমাদের দেশের মাটিতে কোনও ফ্লাডলাইট নেই। তাই ফ্লাডলাইটে খেলার অভিজ্ঞতা নেই। তবে আমরা নামিবিয়ার নিজস্ব ঘরানাতেই মাতিয়ে দেব আমরা। লড়াই ছাড়ব না।”

এই বিতর্ক ঘিরে এখনও পর্যন্ত আইসিসি বা দিল্লির ভেন্যু কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিক আবেদন না করায় নামিবিয়া নৈশ অনুশীলনের সুযোগ পায়নি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য