রাজনীতিরাজ্য

মায়াপুরের মঞ্চে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি, নির্বাচনের মুখে শাহের ধর্মীয় বার্তা ঘিরে বিতর্ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amit Shah : মায়াপুরের মঞ্চে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি, নির্বাচনের মুখে শাহের ধর্মীয় বার্তা ঘিরে বিতর্ক - West Bengal News 24

ভোটের আগে রাজনৈতিক আবহে মায়াপুর সফরে গিয়ে ধর্মীয় আবেগের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে নিজের পরিচয় তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। বিশেষ অনুষ্ঠানে ভাষণ শুরুর সময় ‘হরে কৃষ্ণ’ ধ্বনি উচ্চারণ করে শাহ বলেন, ”আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, বরং চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি।” বহুদিন ধরেই মায়াপুরে আসার ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে আক্ষেপও প্রকাশ করেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ধর্মীয় আবহকে সামনে রেখে হিন্দুত্বের বার্তা জোরদার করার কৌশলই দেখা গেল শাহের বক্তব্যে। তাঁদের দাবি, ভোটের আগে ধর্মীয় আবেগকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক সমীকরণ মজবুত করার চেষ্টা করছে বিজেপি, আর মায়াপুরের মঞ্চ সেই বার্তাকেই আরও স্পষ্ট করেছে।

শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এদিন মায়াপুরে পৌঁছন অমিত শাহ। সেখানে পৌঁছে প্রথমে মন্দিরে পুজো দেন তিনি, এরপর অনুষ্ঠানের মঞ্চ থেকে উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। ভাষণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাও তুলে ধরেন শাহ। তিনি বলেন, ”মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মায়াপুর আসার কথা আমি তাঁকে জানিয়েছিলাম। উনি মন থেকে মায়াপুরের সকল ভক্তদের ‘হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন।”

এরপর নিজের বক্তব্যে শাহ বলেন,”সভার শুরুতেই আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সম্বোধন করা হল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আমি এখানে আসিনি। চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত হিসেবে আজ আমি এখানে এসেছি৷’’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, ”ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন চৈতন্যদেব। আর সেই আন্দোলন গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন।” মায়াপুরের মতো পবিত্র স্থানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, ”আজ মহাপ্রভুর এই পুণ্যভূমিতে পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি।”

অমিত শাহের এই সফর নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করে জানান, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সফরের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা মানুষই বিচার করবে। তাঁর মতে, ধর্মীয় স্থানে যাওয়া ব্যক্তিগত বিষয় হলেও ভোটের আগে এমন সফর স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। মায়াপুরে ইসকন মন্দির পরিদর্শন ঘিরে তাই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য