রাজ্য

অভিষেকের অভিযোগই সত্যি! ইআরও-র নির্দেশে ‘আনম্যাপড’ বহু বৈধ ভোটার, কমিশনকে চিঠি বিএলও-দের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অভিষেকের অভিযোগই সত্যি! ইআরও-র নির্দেশে ‘আনম্যাপড’ বহু বৈধ ভোটার, কমিশনকে চিঠি বিএলও-দের - West Bengal News 24

রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অনিয়মের অভিযোগ তুলে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, নির্ধারিত নিয়ম মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন না হলে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বারবার চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লিতে গিয়ে সরাসরি সাক্ষাৎ করেও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। এবার তাঁদের সেই আশঙ্কারই প্রতিফলন মিলল বলে মনে করা হচ্ছে বিএলও ঐক্য মঞ্চের পাঠানো এক চিঠিতে। কমিশন ও জেলাশাসকের উদ্দেশে লেখা ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, বহু বৈধ ভোটারকে ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও তাঁরা শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকার কথা। আরও দাবি করা হয়েছে, ইআরও-দের মৌখিক নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলাশাসকের কাছে পাঠানো চিঠিতে বিএলও-রা জানান, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বহু বৈধ ভোটারকে ERO-র নির্দেশে আনম্যাপ করা হয়েছে। এই বিষয়ে সিইও দপ্তরেও অভিযোগ জানিয়েছে বিএলও ঐক্য মঞ্চ। অভিযোগ অনুযায়ী, বহু বৈধ ভোটারের নাম ‘আনম্যাপড’-এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যাঁদের নামের বানানে ভুল ছিল অথবা আগের ভোটার তালিকার সঙ্গে কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে, তাঁদের ইআরও-দের নির্দেশে আনম্যাপ করা হয়েছে বলে দাবি। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ম্যাপিংয়ের সময় লজিক্যাল ডিসক্রিপান্সি বা তথ্যগত সমস্যার বিষয়ে বিএলও-দের অবহিত করা হয়নি। ফলে বহু বৈধ ভোটার এখনও ‘আনম্যাপড’ অবস্থাতেই রয়েছেন বলে দাবি সংগঠনের।

কোচবিহারের তুফানগঞ্জ ২ ব্লকের বিএলও অনির্বাণ দে সরকার তাঁর চিঠিতে আনম্যাপিং প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। সেখানে সংশ্লিষ্ট পরিসংখ্যানও উল্লেখ করা হয়েছে। তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোট ১১১ জন ভোটার আনম্যাপড, শুনানিতে অনুপস্থিত ছিলেন ৪ জন এবং ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিল রেখে প্রোজেনি ম্যাপিংয়ের সংখ্যা ৭৫ জন। তবে বিএলও-র দাবি, সংশ্লিষ্ট সকল ভোটারই প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। তবুও ইআরও-র নির্দেশে তাঁরা আনম্যাপড তালিকায় থেকে যাওয়ায় নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান চেয়ে জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-এর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য