হার্দিকের ম্যাচ ফি-র থেকেও দামি মাহিকার জন্মদিনের ‘সানসেট ড্রেস’, চর্চায় সোশ্যাল মিডিয়া
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টের জন্যও আলাদা পরিচিতি রয়েছে তাঁর। অনেকেই তাঁকে টিম ইন্ডিয়ার ‘ফ্যাশন আইকন’ বলেই মনে করেন। হার্দিক পাণ্ডিয়ার হেয়ারস্টাইল, ট্যাটু কিংবা হিরে বসানো কানের দুল নিয়ে আগেও বহুবার আলোচনা হয়েছে। এবার আলোচনার কেন্দ্রে তাঁর প্রেমিকা মাহিকা শর্মা। জন্মদিনে পরা তাঁর ‘সানসেট ড্রেস’ নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। পোশাকটির সৌন্দর্য নজর কেড়েছে সকলের, তবে সবচেয়ে বেশি অবাক করছে এর দাম। জানা যাচ্ছে, এই পোশাকের মূল্য নাকি হার্দিক পাণ্ডিয়ার একটি টি-২০ ম্যাচের ফি-র থেকেও বেশি।
মাহিকার জন্মদিনের পোশাকটি কমলা, গোলাপি ও বেগুনি রঙের টাই-অ্যান্ড-ডাই ডিজাইনে তৈরি, যা দেখতে অনেকটা সূর্যাস্তের আকাশের মতো। লন্ডনের একটি ফ্যাশন ব্র্যান্ডের তৈরি ‘সানসেট ড্রেস’টি নুডল স্ট্র্যাপ ও ছোট দৈর্ঘ্যের ডিজাইনে তৈরি। খোলা চুল, গলায় হালকা হার এবং স্বল্প মেকআপে ধরা দেন মাহিকা।
তাঁর এই লুক দ্রুতই নেটমাধ্যমে নজর কেড়ে নেয়। জানা গিয়েছে, পোশাকটির দাম প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার ১৬১ টাকা। অন্যদিকে, হার্দিক পাণ্ডিয়া একটি টি-২০ ম্যাচ খেলে প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি পারিশ্রমিক পান। ফলে তুলনায় মাহিকার পোশাকের মূল্যই বেশি হওয়ায় বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন হার্দিক। বর্তমানে মাহিকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েই চর্চা চলছে। ১৯ ফেব্রুয়ারি ছিল মাহিকার জন্মদিন। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন ‘বেতাজ বাদশা’ হার্দিক এবং জানান, মাহিকাই তাঁর জীবনের ‘রাজকন্যা’। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দেখা যায়, সুইমিং পুলে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা, পেছনে বিস্তৃত সমুদ্র ও নীল আকাশের মনোরম দৃশ্য। সেখানে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ধরা দেন হার্দিক ও মাহিকা, আর পাশে দেখা যায় শ্রীলঙ্কার পতাকা। অনুমান করা হচ্ছে, দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতেই গিয়েছিলেন তাঁরা এবং সেখানেই ছবিগুলি তোলা। সম্পর্কের ওপর নজর এড়াতে ইনস্টা স্টোরিতে ‘এভিল আই স্টিকার’-ও ব্যবহার করেছেন ক্রিকেটার। এর আগেও প্রিয় মানুষকে গোলাপের তোড়া উপহার দিয়েছিলেন তিনি, যার ছবি মাহিকা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং তা নেটিজেনদের মন জয় করে নেয়।



