অপরাধজাতীয়

ফের টার্গেটে লালকেল্লা! ভারতের একাধিক মন্দিরে হামলার পরিকল্পনা লস্করের, দাবি সূত্রের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ফের টার্গেটে লালকেল্লা! ভারতের একাধিক মন্দিরে হামলার পরিকল্পনা লস্করের, দাবি সূত্রের - West Bengal News 24

গত বছরের নভেম্বর মাসে লালকেল্লার সংলগ্ন এলাকায় দিল্লির গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় গোটা দেশ স্তম্ভিত হয়ে পড়েছিল। এবার গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ফের লালকেল্লাকেই নিশানা করার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন লস্কর।

শুধু লালকেল্লা নয়, চাঁদনি চকের একটি মন্দির-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের কাছেও বিস্ফোরণের ছক কষা হচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে হওয়া বিস্ফোরণের ‘প্রতিশোধ’ নিতেই এই সম্ভাব্য হামলার পরিকল্পনা করা হচ্ছে।

গত বছরের ৯ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু হয় এবং অন্তত ২৪ জন আহত হন। সম্প্রতি রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ-বিরোধী পর্যবেক্ষণ দলের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই বিস্ফোরণের পিছনে ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন এবং মাসুদ আজাহারের জইশ-ই-মহম্মদ।

পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে সংগঠনটি সম্প্রতি একটি ‘মহিলা ব্রিগেড’ গঠন করেছে, যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে নতুন করে লস্করের হামলার পরিকল্পনার তথ্য সামনে আসায় উদ্বেগ বাড়ছে।

৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় ৩১ জনের মৃত্যু হয় এবং ১৬০ জনেরও বেশি মানুষ আহত হন। নিরাপত্তা আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় মসজিদে বহু মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারী মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে গেটেই আটকানোর চেষ্টা করেন। তবুও বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়নি।

প্রকাশিত ভিডিওতে আগুনে দগ্ধ বহু দেহ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায়, অনেকের শরীর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে মসজিদের একটি ফটক এবং আশপাশের কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত বছরের নভেম্বর মাসে ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছিল, যার দায় স্বীকার করেছিল আইএস। এরপরই ভারতে ‘বদলা’ নেওয়ার পরিকল্পনা করছে লস্কর এমন আশঙ্কা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য