
বাজারে ক্রমাগত বাড়ছে সোনা ও রুপোর দাম। ফলে তা ধীরে ধীরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মত ক্রেতাদের একাংশের। বিশেষ করে বিয়ের মরশুমে এই মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়ছেন অনেকেই। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর বক্তব্য, “অভ্যন্তরীণ বাজারে সোনা-রুপোর চাহিদা বৃদ্ধি মরশুমি বলেই মনে হচ্ছে।” পাশাপাশি তিনি জানান, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র।
সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কেন্দ্রীয় পরিচালক পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভারতীয় বাজারের প্রায় সমস্ত সোনাই আমদানি করা হয়। আমরা একটি আমদানি-নির্ভর দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে, তবে চাহিদা মেটাতে তা পর্যাপ্ত নয়।” এরপর সোনা ও রুপোর মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “পরিবারগুলির জন্য সোনা একটি পছন্দের বিনিয়োগ। দেশীয় বাজারে উচ্চ চাহিদা মরশুমি বলেই মনে হচ্ছে। আমরা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছি। উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছয়নি।”
চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় বাজেট পেশের সময় নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন যে সোনা ও রুপোর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে, যার ফলে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছিল। শুরুতে তার প্রভাব দেখা গেলেও পরে আবার দাম বাড়তে শুরু করে। তবে এদিন এই মূল্যবৃদ্ধির কারণ নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি অর্থমন্ত্রী।
অন্যদিকে, আমেরিকার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে – এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনই তড়িঘড়ি এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না।”
উল্লেখ্য, সোমবার বাজারে ২৪ ক্যারেট অর্থাৎ ১০ গ্রাম খাঁটি সোনার দাম দাঁড়িয়েছে ১,৬১,৪৮০ টাকা। একই সঙ্গে ১০০ গ্রাম রুপোর বাটের মূল্য পৌঁছেছে ২৭,০০০ টাকায়।



