বলিউড

আইনি জট কাটল, ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তিতে আর বাধা নেই

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

The Kerala Story 2 : আইনি জট কাটল, ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তিতে আর বাধা নেই - West Bengal News 24

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা আটকে গিয়েছিল। অবশেষে ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তির ওপর জারি করা স্থগিতাদেশ তুলে নিল কেরল হাইকোর্ট। মুক্তির আগে থেকেই নানাবিধ বিতর্কে জড়িয়ে থাকা এই চলচ্চিত্রটি এবার সমস্ত জট কাটিয়ে প্রেক্ষাগৃহে আসছে।

মূলত, বৃহস্পতিবার বিচারপতি বেচু কুরিয়ান টমাস ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। নিয়ম মেনে ছবি পরীক্ষা না করার অভিযোগও ওঠে বোর্ডের বিরুদ্ধে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছবির নির্মাতারা হাইকোর্টের উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন। এরপর বিচারপতি এসএ ধর্মাধিকারী ও পিভি বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ বিচারপতি বেচু কুরিয়ান থমাসের আদেশ বাতিল করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সেন্সর বোর্ডের ছাড়পত্রপ্রাপ্ত কোনো ছবির মুক্তি স্থগিত রাখার যৌক্তিকতা নেই। শুক্রবার বিকেলে এই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। যদিও আইনি জটিলতার কারণে ২৭ ফেব্রুয়ারি মুক্তিটি সম্ভব হয়নি, তবে নির্মাতারা আলোচনার মাধ্যমে নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন।

উল্লেখ্য, জীববিদ্যা বিশেষজ্ঞ শ্রীদেব নাম্বোদরি নামের এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতে এই মামলাটি দায়ের হয়েছিল। আবেদনকারীর দাবি ছিল, ট্রেলারে কেরলকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখানো হয়েছে, যার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব সমাজে পড়তে পারে। বুধবার শুনানির সময় আদালত প্রাথমিকভাবে এই দাবিকে ‘সম্ভবত’ সত্য বলে মন্তব্য করেছিল, যার পরেই স্থগিতাদেশ জারি করা হয় এবং সেন্সর বোর্ডকে ভর্ৎসনা করা হয়।

ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই জোরপূর্বক ধর্মান্তরিতকরণের এক ভয়াবহ কাহিনী সামনে এসেছে। ট্রেলারে নারীদের জবানিতে নেপথ্যে উল্লেখ করা হয়েছে, “আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা। ঘুরে দাঁড়াবে।” ছবির কাহিনীতে দেখানো হয়েছে, কিভাবে উচ্চাকাঙ্ক্ষী নারীরা প্রেমের ফাঁদে পড়ে বলপূর্বক ধর্মান্তরিতকরণের শিকার হচ্ছেন। প্রথম পর্বের মতোই এই সিক্যুয়েলের বিরুদ্ধেও সাম্প্রদায়িকতার বীজ বপনের গুরুতর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য