
এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় অযৌক্তিকভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ৬ মার্চ, শুক্রবার ধর্মতলার ইস্ট মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে শুরু হবে এই অবস্থান বিক্ষোভ। সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করবেন তিনি।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজ স্বচ্ছভাবে হচ্ছে না এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে।
সম্প্রতি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন অভিষেক। সেখানেই তিনি জানান, একই স্থানে—যেখানে পূর্বে মুখ্যমন্ত্রী অনশন করেছিলেন—এবার ধর্নায় বসবেন মমতা।
অভিষেকের অভিযোগ, বিজেপি আগে থেকেই ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। খসড়া, চূড়ান্ত এবং বিচারাধীন তালিকার পরিসংখ্যান মিলিয়ে সেই সংখ্যাই বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, কমিশন কার নির্দেশে কাজ করছে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলার ধর্নায় শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলার তৃণমূল নেতৃত্বদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে দূরবর্তী জেলার নেতাদের আপাতত নিজেদের এলাকায় সংগঠন সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে, কারণ আগামী ১০-১৫ দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল।



