জাতীয়

দিল্লির পথে নীতীশ? বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার জল্পনায় সরগরম পাটনা, উত্তরসূরি নিয়ে বাড়ছে কৌতূহল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nitish Kumar : দিল্লির পথে নীতীশ? বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার জল্পনায় সরগরম পাটনা, উত্তরসূরি নিয়ে বাড়ছে কৌতূহল - West Bengal News 24

বিহারের রাজনীতিতে কি আবারও বড় কোনও চমক দিতে চলেছেন নীতীশ কুমার? পাটনার রাজনৈতিক মহলে অন্তত তেমনই জোর জল্পনা চলছে। শোনা যাচ্ছে, দশমবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন। জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতা নীতীশ কুমার নাকি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সদস্য হয়ে দিল্লির রাজনীতিতে বেশি মন দিতে চান। তবে প্রশ্ন উঠছে তিনি সরে দাঁড়ালে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নীতীশ কুমারের (Nitish Kumar) শারীরিক পরিস্থিতি আগের মতো নেই। দীর্ঘদিনের প্রশাসনিক দায়িত্বের চাপ সামলানো তাঁর পক্ষে কঠিন হয়ে উঠছে। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। জেডিইউয়ের অন্দরেও নাকি এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। বিহারের পাঁচটি রাজ্যসভা আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলে অনুমান।

দলীয় সূত্রে খবর, নীতীশ কুমার রাজ্যসভায় যেতে পারেন। অন্যদিকে তাঁর ছেলে নিশান্ত কুমারকে সরাসরি উপমুখ্যমন্ত্রী করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সম্প্রতি তিনি সরকারিভাবে জনতা দল ইউনাইটেডে যোগ দিয়েছেন। ফলে রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

বিহারের রাজনীতিতে পরিবারতন্ত্রের অভিযোগ নতুন নয়। প্রায় সব রাজনৈতিক দলেই দেখা যায়, নেতারা নিজেদের পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তবে এতদিন সেই ধারার বাইরে ছিল নীতীশ কুমারের দল জেডিইউ। যদিও তাঁর বাবা দশবারের মুখ্যমন্ত্রী, তবুও ৫০ বছর বয়সী নিশান্ত এতদিন রাজনীতির ময়দান থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। প্রচারের আলো থেকেও নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল না বললেই চলে। অন্যদিকে নীতীশ কুমার নিজেও দীর্ঘদিন পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক জল্পনায় উঠে আসছে, তিনিও হয়তো অন্য দলগুলোর মতোই এবার নিজের উত্তরসূরি হিসেবে ছেলেকেই সামনে আনতে পারেন।

এদিকে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই নীতীশ কুমার যদি সত্যিই পদত্যাগ করেন, তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে নেবেন? জেডিইউয়েরই কোনও নেতা, নাকি বিজেপির কেউ সেই আসনে বসবেন?

জেডিইউয়ের শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী লাল্লান সিং ইতিমধ্যেই পাটনা থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তাই তাঁর নাম নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। আবার বিজেপিও বহুদিন ধরেই বিহারের মুখ্যমন্ত্রীর পদে নজর রেখেছে। ফলে এবার কি গেরুয়া শিবিরের কোনও নেতা পাটনার ক্ষমতার আসনে বসবেন—তা নিয়েও জল্পনা বাড়ছে।

রাজনৈতিক মহলে আরেকটি সম্ভাবনার কথাও ঘুরছে। সেটি হল, আপাতত নিশান্ত কুমারকেই রাজ্যসভায় পাঠানো হতে পারে। পরে পরিস্থিতি অনুযায়ী তাঁকেই নীতীশ কুমারের উত্তরসূরি হিসেবে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসানো হতে পারে।

বিহারের রাজনীতিতে তাই এখন একটাই প্রশ্ন নীতীশ কি সত্যিই সরে দাঁড়াবেন, আর হলে তাঁর পরবর্তী উত্তরসূরি কে? সময়ই তার উত্তর দেবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য