রাজনীতিরাজ্য

হুমায়ুন কবীরের নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশন মঞ্জুর নির্বাচন কমিশনের, এবার প্রতীকের অপেক্ষা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হুমায়ুন কবীরের নতুন দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশন মঞ্জুর নির্বাচন কমিশনের, এবার প্রতীকের অপেক্ষা - West Bengal News 24

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের গঠিত নতুন রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। পরবর্তী ধাপে সংবাদপত্রে নতুন দলের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আপত্তি না উঠলে কমিশন দলটিকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে। এরপরই প্রতীক চেয়ে আবেদন জানাতে পারবে দলটি।

হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশনের বিষয়ে নির্বাচন কমিশনে সুপারিশ করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর। সিইও দপ্তর সূত্রে আগেই জানা গিয়েছিল, হুমায়ুনের দল প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য নির্ধারিত সব শর্তই পূরণ করেছে। সেই অনুযায়ী নির্বাচন সদনে রেজিস্ট্রেশনের সুপারিশও পাঠানো হয়েছিল। ধারণা করা হয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় ১৫ দিনের মধ্যে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। তবে তারও আগেই অনুমোদন মিলল।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের এই বিধায়ক। সেই সময়েই প্রকাশ করা হয়েছিল দলের ইস্তেহারও। হুমায়ুনের দাবি ছিল, দলের স্বীকৃতির জন্য আগেই আবেদন করা হয়েছে। জানা যাচ্ছে, দলের সম্ভাব্য সদর দপ্তর বেলডাঙা বা রেজিনগরে হতে পারে।

দলের সম্ভাব্য প্রতীক নিয়েও আগে ইঙ্গিত দিয়েছিলেন হুমায়ুন কবীর। ২০১৬ সালে তিনি নির্দল প্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতীক নিয়ে নির্বাচন লড়েছিলেন। তাই নতুন দলের প্রতীক হিসেবেও ‘টেবিল’ পছন্দ তাঁর। তবে শেষ পর্যন্ত সেই প্রতীক মিলবে কি না, নাকি অন্য কোনও প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে হবে তা নির্ভর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর।

প্রসঙ্গত, প্রথমদিকে তিনি দলের নাম রেখেছিলেন ‘জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু একই নামে আগে থেকেই একটি ছোট রাজনৈতিক দল থাকায় সেই নাম পরিবর্তন করতে হয়। পরে দলের নতুন নাম রাখা হয় ‘আম জনতা উন্নয়ন পার্টি’।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য