রাজ্য

আনন্দ বোসের ইস্তফার পরই বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

R N Ravi new West Bengal Governor : আনন্দ বোসের ইস্তফার পরই বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি - West Bengal News 24

সিভি আনন্দ বোসের পদত্যাগের পরই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। বাংলার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আর এন রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপালের পদে রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবেই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন সিবিআই ও আইবির প্রাক্তন এই শীর্ষকর্তা।

ভোটের মুখে একজন প্রাক্তন কেন্দ্রীয় আধিকারিককে রাজ্যপালের দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এদিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়টি জানতে পেরেছেন এবং সেই প্রসঙ্গেই একটি পোস্টও করেছেন।

কিন্তু কে এই আর এন রবি? ১৯৫২ সালের এপ্রিল মাসে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। পরে ১৯৭৬ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। ২০১৪ সালে তাঁকে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের অক্টোবরে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে দায়িত্ব নেন।

আইপিএস পদ থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই পদেই দায়িত্ব পালন করেন তিনি। সেই সময়ের মধ্যেই ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের অতিরিক্ত রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলান।

এরপর ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আর এন রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদে রয়েছেন। বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করার পর ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব এখন তাঁর কাঁধেই এসে পড়ল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য