ভারতের জন্য খুলল হরমুজ প্রণালী! মোদি সরকারের কূটনৈতিক কৌশলে ইরানের অনুমতি, জ্বালানি সংকটে বড় স্বস্তি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগে ছিল গোটা বিশ্ব। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যাওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছিল আশঙ্কা। তবে এবার বড় স্বস্তির খবর। কূটনৈতিক আলোচনার পর ভারতের পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ইতিমধ্যেই দুটি ভারতমুখী পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পার হয়েছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে অনুমতি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ইরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল বাণিজ্য সীমিত করে দেয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে।
তবে সূত্রের খবর, এবার ভারতের জন্য বিশেষ ছাড় দিয়েছে ইরান। ভারতের পতাকাবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের মৌখিক অনুমতি দিয়েছে তেহরান।
ইতিমধ্যেই ‘পুষ্পক’ এবং ‘পরিমল’ নামে দুটি পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পার হয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে।
আমেরিকা-ইউরোপের জাহাজে এখনও নিষেধাজ্ঞা
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স (IRGC) এখনও আমেরিকা, ইজরায়েল এবং ইউরোপের বেশিরভাগ জাহাজের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে।
এই পরিস্থিতিতে ভারতের জন্য আলাদা করে অনুমতি পাওয়া আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করা হচ্ছে।
জয়শংকর-ইরান বিদেশমন্ত্রীর ফোনালাপেই সমাধান
একদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছি-র সঙ্গে।
ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সূত্রের খবর, গত দুই সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে ব্যাক-চ্যানেল কূটনৈতিক আলোচনা চলছিল। সেই আলোচনার ফলেই এই সিদ্ধান্ত।
ভারত নিয়েছে নিরপেক্ষ অবস্থান
মধ্যপ্রাচ্যের সংঘাতে শুরু থেকেই ভারত প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
তবে ভারত মহাসাগরে ভারতীয় জলসীমার কাছে ইরানের একটি যুদ্ধজাহাজে মার্কিন হামলার পর মানবিক সহায়তা দেয় ভারত। একই সময়ে হরমুজের কাছেই একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এরপরই কূটনৈতিক তৎপরতা বাড়ায় দিল্লি।
জ্বালানি সংকট কাটার আশা
হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় ভারতের তেল আমদানি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু জ্বালানি সরবরাহই নয়, বরং ভারতের সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তার ক্ষেত্রেও বড় স্বস্তি এনে দিতে পারে।



