রাজ্য

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টে জোর বিরোধীদের, সই সংগ্রহ সম্পূর্ণ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Gyanesh Kumar : মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টে জোর বিরোধীদের, সই সংগ্রহ সম্পূর্ণ - West Bengal News 24

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষ – লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক দল। এবার সেই প্রক্রিয়া আরও একধাপ এগোল। প্রস্তাবের সমর্থনে প্রয়োজনীয় সাংসদদের স্বাক্ষর সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধীদের এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোরই কৌশল।

জানা গিয়েছে, এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেসই। বিভিন্ন বিরোধী দলকে একত্র করে প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দলের নেতৃত্ব। লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের জন্য যেখানে ন্যূনতম ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন, সেখানে প্রায় ১৩০ জনেরও বেশি সাংসদ ইতিমধ্যেই সই করেছেন বলে সূত্রের খবর। রাজ্যসভাতেও একই চিত্র দেখা যাচ্ছে। সেখানে প্রয়োজনীয় ৫০ জন সাংসদের পরিবর্তে ৬০ জনেরও বেশি সাংসদ প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে। যদিও লোকসভা ও রাজ্যসভায় জমা পড়া প্রস্তাবের খসড়ার ভাষায় কিছু পার্থক্য থাকতে পারে।

আরও পড়ুন :: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, গ্যাস সরবরাহে নজরদারি বাড়াল রাজ্য – জারি ১০ দফা নির্দেশিকা

লোকসভায় সাংসদদের স্বাক্ষর সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের উপ-দলনেতা শতাব্দী রায়কে। চলতি সপ্তাহের শুরু থেকেই তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব থেকেই বেশি সংখ্যক সাংসদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের বাইরে থাকা বিরোধী দলগুলির কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চাওয়া হয়নি। তবে শতাব্দীর উদ্যোগে লোকসভার কয়েকজন নির্দল সাংসদও এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক নাদিমুল হক বিরোধী সাংসদদের সমর্থন আদায়ের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন। স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিরোধীরা সংসদের দুই কক্ষেই এই প্রস্তাব জমা দেবেন। এরপর লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান ঠিক করবেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না। আলোচনার অনুমতি মিললে বিতর্কের পর প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হবে।

ফলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথ এখনও দীর্ঘ এবং এর জন্য ব্যাপক সাংসদ সমর্থনের প্রয়োজন হবে। তবে আপাতত প্রথম ধাপ সফলভাবে পার করেছে বিরোধী শিবির।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য