
বাংলার আসন্ন নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ১১১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় একাধিক চমক দেখা গিয়েছে। ভাটপাড়া থেকে সরিয়ে দাপুটে নেতা অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে নোয়াপাড়ায়। অন্যদিকে, বারাকপুর কেন্দ্র থেকে আইনজীবী কৌস্তুভ বাগচীর উপর ভরসা রেখেছে দল। টিকিট পেয়েছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, যিনি প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে লড়বেন। পাশাপাশি, এগরা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু।
২০২৬ সালের নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিজেপি (BJP)। সেই কারণে প্রতিপক্ষকে টক্কর দিতে কৌশল মেনে সাজানো হয়েছে এই প্রার্থী তালিকা। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় দফার তালিকায় একাধিক হেভিওয়েট নেতার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে। অর্জুন সিং দীর্ঘদিন ভাটপাড়ার সঙ্গে যুক্ত থাকলেও এবার তাঁকে নোয়াপাড়ায় পাঠানো হয়েছে। অন্যদিকে, কৌস্তুভ বাগচী প্রথমবার নির্বাচনী ময়দানে নামছেন এবং তাঁকে গুরুত্বপূর্ণ বারাকপুর কেন্দ্র থেকে লড়তে হবে, যেখানে তৃণমূলের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।
অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আগে থেকেই বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে এবারের নির্বাচনে তাঁকেই ভরসা করেছে দল। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তিনি তৃণমূলের লাভলি মৈত্রর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লোকসভা নির্বাচনে জয় না পেলেও নিশীথ প্রামাণিকের উপর আস্থা বজায় রেখেছে বিজেপি। তাঁকে মাথাভাঙা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। গাইঘাটা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুব্রত ঠাকুর। রাজারহাট-নিউটাউন আসনে লড়বেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির রেখা পাত্রকে। টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং এন্টালি থেকে প্রার্থী হয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
এছাড়া, হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ) খড়গপুর সদর থেকে সরিয়ে শ্যামপুর কেন্দ্রে পাঠানো হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল শুভেন্দু দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়বেন। দ্বিতীয় দফার তালিকায় নিশ্চিত হয়েছে যে, এগরা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু অধিকারী।



