বাংলায় কার্যকর ‘পুশব্যাক’ আইন! ধরা পড়লেই সরাসরি বাংলাদেশে ফেরত, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলায় সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশ রুখতে বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। জাতীয় নিরাপত্তাকে সামনে রেখে বুধবার থেকেই রাজ্যে কার্যকর করা হল কেন্দ্রের ‘পুশব্যাক’ নির্দেশিকা। এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর বিষয়ে ২০২৫ সালেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তবে সেই সময়ের তৃণমূল সরকার সেই নির্দেশ কার্যকর করেনি বলে অভিযোগ তাঁর। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেই আইন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এবার থেকে রাজ্যে ধরা পড়া অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ। এরপর নির্দিষ্ট প্রটোকল মেনে বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র হাতে তুলে দেবে। এর ফলে দ্রুত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে বলে দাবি সরকারের।
আরও পড়ুন :: দলের অন্দরে অসন্তোষ চরমে, কুণালদের সঙ্গে বৈঠকে মমতা
তবে এই ঘোষণার পর বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, এই আইনের ফলে তাঁদেরও সমস্যার মুখে পড়তে হতে পারে। যদিও এ দিন সেই জল্পনা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সিএএ-র আওতায় থাকা কোনও হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনে তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন।
শুভেন্দু (CM Suvendu Adhikari) আরও বলেন, “সিএএ-র অন্তর্ভুক্ত ৭টি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তাঁরা সিএএ অনুযায়ী আওতায় আসবেন। যাঁরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন তাঁদের পুলিশ কোনওভাবেই হেনস্তা বা আটক করতে পারবে না। সিএএ-র আত্ততায় যারা নেই তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী। তাদের পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী, বিজিবি-র সঙ্গে কথা বলে তাদেরকে বিতাড়িত করবে। এই আইন আজ থেকে কার্যকর করা হল।”



