সুরেন্দ্রনাথ কলেজে ‘মাসাজ পার্লার’! ওডিসিও-র ঘরে কন্ডোম-মদ-অস্ত্র, বিস্ফোরক দিলীপ ঘোষ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শিক্ষাঙ্গন নাকি বিলাসবহুল ‘ওয়ো’র আস্তানা? কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে পোড়া নোট উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও এক চরম বিস্ফোরক তথ্য। কলেজের ভেতরেই রমরমিয়ে চলছিল তৃণমূল নেতার বিলাসবহুল ‘বেডরুম’ ও ‘মাসাজ পার্লার’! সেখান থেকে উদ্ধার হয়েছে কন্ডোম, মদের বোতল এবং আগ্নেয়াস্ত্র। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সুরেন্দ্রনাথ কলেজে ‘ওয়ো’র ছোঁয়া! বেডরুমে চলত মাসাজ?
মঙ্গলবার বিকেল থেকে সুরেন্দ্রনাথ কলেজে পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। কিন্তু সন্ধ্যা গড়াতেই যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। জানা গিয়েছে, কলেজের ছাদে ‘টেরেস ফেসিলিটি’র নামে দুটি বিলাসবহুল বেডরুম তৈরি করা হয়েছিল। এসি, দামি তোষক, বালিশ থেকে শুরু করে অ্যাটাচড বাথরুম— কী নেই সেখানে!
আরও পড়ুন :: ৫০ বিধায়ককে নিয়ে নতুন তৃণমূল? ‘কাল কী হবে কে জানে!’ ঋতব্রতর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি
অভিযোগের তির কলেজ পরিচালন সমিতির প্রভাবশালী তৃণমূল সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের দিকে।
অভিযোগের মূল পয়েন্টগুলি একনজরে:
ভিআইপি উদ্বোধন: এই দুটি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
জোরপূর্বক মাসাজ: অভিযোগ, কলেজে চাকুরিরতদের বাধ্য করা হতো ওই দুই তৃণমূল নেতাকে ম্যাসাজ দিতে।
ঘণ্টা মেপে ভাড়া: কান পাতলেই শোনা যাচ্ছে, বহিরাগতদের কাছে নাকি ঘণ্টা হিসেবে ভাড়াও দেওয়া হতো এই ‘রুম’।
আপত্তিকর সামগ্রী: তল্লাশিতে ঘর ও ছাদ থেকে মিলেছে কন্ডোমের প্যাকেট, মদের খালি বোতল ও আগ্নেয়াস্ত্র।
“মমতা সব জানতেন!” সুরেন্দ্রনাথ কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ
বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ইস্যুতে সুর চড়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের শিক্ষাব্যবস্থার এই চরম অবক্ষয় নিয়ে তিনি সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
“একটা রাজ্যের কী হাল করে ছেড়েছে! কলেজে এসব নোংরামি চলছে। কসবা কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে! ওনারা কিছু জানতেন না— এটা হতে পারে নাকি? উনি (মমতা) সব জানতেন।” — দিলীপ ঘোষ
দিলীপ ঘোষের দাবি, রাজ্যে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের ছত্রছায়ায় অপরাধমূলক কাজ চলছে এবং প্রশাসন সব জেনেও ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে।
সব অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার
এদিকে কলেজের ভেতর এই ‘মিনি থাইল্যান্ড’ গড়ে তোলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মূল অভিযুক্ত তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই বেডরুম বা সেখানে কী হতো, সে সম্পর্কে তিনি নাকি বিন্দুমাত্র কিছুই জানেন না।
তবে দেবাশিসবাবু দায় এড়ালেও, একটা নামী কলেজের অন্দরে কীভাবে দিনের পর দিন এই ধরণের অনৈতিক কাজ চলল, তা নিয়ে সুরেন্দ্রনাথ কলেজের সাধারণ ছাত্রছাত্রী ও শিক্ষকমহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত দাবি করেছে বিরোধী ছাত্র সংগঠনগুলি।



