WBCS পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর! রবিবারের মেগা নিয়মে বড় বদল করল কলকাতা মেট্রো
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রবিবার ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ১৪ জুন অনুষ্ঠিত হতে চলা ডব্লুবিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীরা যাতে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সেই কারণে সেদিন সকাল থেকেই অতিরিক্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ব্লু এবং গ্রিন উভয় লাইনেই নির্ধারিত সময়ের আগেই পরিষেবা শুরু হবে। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে রবিবার প্রথম মেট্রো চলবে সকাল ৮টা থেকে। দুই প্রান্তিক স্টেশন থেকেই একই সময়ে পরিষেবা শুরু হবে। সকাল ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। এরপর থেকে নির্ধারিত রবিবারের সময়সূচি অনুযায়ী পরিষেবা চলবে।
আরও পড়ুন :: দুর্গাপুজোর অনুদানে বিরাট কাটছাঁট! কারা পাবেন আর কাদের পকেট ফাঁকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
একইভাবে গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টা থেকেই মেট্রো পরিষেবা চালু হবে। হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ উভয় স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। এই রুটেও সকাল ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে।
সাধারণত রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো পরিষেবা চালানো হয়। তবে পরীক্ষার দিন সেই সংখ্যা বাড়িয়ে ১৫৬টি করা হয়েছে। একইভাবে গ্রিন লাইনে ১০৮টির পরিবর্তে ১১২টি মেট্রো পরিষেবা দেওয়া হবে।
মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ অন্যান্য রবিবারের মতোই নির্ধারিত সময়ে শেষ মেট্রো চলবে। শুধুমাত্র ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে সকালের পরিষেবা এক ঘণ্টা আগে থেকে চালু করা হচ্ছে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হলেও, ১৪ জুন যাত্রীরা সকাল ৮টা থেকেই মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।



