ফলতা এবার ‘মডেল বিধানসভা’! ১০০ বেডের হাসপাতাল থেকে নারী সুরক্ষা – একগুচ্ছ মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta)-কে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা এবং মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। বুধবার ফলতায় আয়োজিত জনকল্যাণ শিবিরে (Jan Kalyan Shivir) যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এক সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা ছিল ফলতা। তৎকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর অন্যতম কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল এই এলাকা। প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খানের প্রভাবও ছিল যথেষ্ট। তবে সাম্প্রতিক নির্বাচনের সময় এলাকায় অশান্তির অভিযোগ ওঠায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে রাজনৈতিক পালাবদলের আবহে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির খান। এলাকা ছেড়েও চলে যান তিনি। পরে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। অন্যদিকে, ওই কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে। রাজনৈতিক মহলের মতে, এর ফলে তথাকথিত ডায়মন্ড হারবার মডেলের প্রভাবেও বড় ধাক্কা লাগে।
এই প্রেক্ষাপটে ফলতা সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ফলতাকে একটি আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
এছাড়াও ফলতার এসইজেড শিল্পাঞ্চলের সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। বন্দরকেন্দ্রিক শিল্প ও পরিকাঠামো উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নত করার পাশাপাশি সেটিকে ১০০ বেডের হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থা করা হবে।
এর পাশাপাশি এলাকায় জনঔষধি কেন্দ্র স্থাপন, মহিলা কলেজ নির্মাণ এবং ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির অনুমোদনের কথাও জানানো হয়েছে। ফলতা থানার পরিকাঠামো ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক চালুর ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।



