মাঝরাতে বিজেপি নেতাকে পিটিয়ে খুন বাগনানে! কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, পরিবার পেল ৯ লাখ ও চাকরির আশ্বাস!!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে-র মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি নিহতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে পরিবারটির হাতে মোট ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত বুধবার গভীর রাতে বাগনানের সন্তোষপুর এলাকায় খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। ঘটনার পর অভিযুক্তদের মধ্যে একজন ফোন করে মৃতের পরিবারকে জানায়, “মার্ডার করে দিয়েছি। তুলে নিয়ে যা।” এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশান্ত দে বাগনান ৫ নম্বর মণ্ডলের ১৯৭ নম্বর বুথের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি বাঁটুল গ্রামে।
আরও পড়ুন :: রাজ্য বাজেটে বিরাট ধামাকা! নির্মলার দরবারে স্বপন, বেকার ও কৃষকদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর?
বিজেপির অভিযোগ, একটি অনুষ্ঠানবাড়িতে যাওয়ার সময় অন্যান্য কর্মীদের সঙ্গে ছিলেন প্রশান্ত। সেই সময় তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। অভিযোগ, লাঠি ও লোহার রড দিয়ে ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রশান্ত দে-র। আহত হন আরও তিন বিজেপি কর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান। শুভেন্দু অধিকারীর বক্তব্য, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতেই রাজ্যে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
বাগনানের এই খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহত প্রশান্ত দে-র স্ত্রী সোমা দে চাইলে তাঁকে সরকারি চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে বলেও এদিন ঘোষণা করা হয়েছে।



