বিচিত্রতারাজ্য

গলায় বিশাল অজগর পেঁচিয়ে সেলফি উন্মাদনা! মেটেলির কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দিলেন বনমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গলায় বিশাল অজগর পেঁচিয়ে সেলফি উন্মাদনা! মেটেলির কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দিলেন বনমন্ত্রী - West Bengal News 24

মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের বদুধোরা এলাকায় একটি বিশাল আকৃতির অজগর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সাপটিকে গলায় জড়িয়ে ছবি তোলা ও সেলফি করার একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। পরে অজগরটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের একাংশ যেভাবে সাপটিকে নিয়ে ছবি তুলেছেন, তা নিয়ে বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিয়েছেন বনমন্ত্রী মনোজ ওরাঁও। তিনি জানিয়েছেন, এ ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বদুধোরা এলাকার একটি বাড়িতে আচমকাই ঢুকে পড়ে বিশাল ওই অজগরটি। এরপর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার এক বাসিন্দা সাহসিকতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। কিন্তু উদ্ধার হওয়ার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বহু মানুষ অজগরটিকে গলায় পেঁচিয়ে, হাতে তুলে কিংবা পাশে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। সেই সব দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।

বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী, অজগর সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। ফলে যথাযথ অনুমতি ছাড়া এই ধরনের প্রাণীকে ধরা, প্রদর্শন করা বা অযথা বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই কারণেই স্থানীয়দের এই আচরণ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

এই ঘটনার পর বনমন্ত্রী মনোজ ওরাঁও স্পষ্ট জানিয়েছেন, বন্যপ্রাণীদের সঙ্গে এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। একাধিক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “বন্যপ্রাণীদের সঙ্গে যে এটা করা যায় না তা সবাই জানে। এরপরেও শুধুমাত্র সমাজমাধ্যমে জনপ্রিয়তা বাড়াতে এই ধরনের কাজ করা হচ্ছে। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।”

পাশাপাশি তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। মনোজ ওরাঁও বলেন, “এই ধরনের কাজ মানুষ যাতে আর না করে এজন্য সচেতনতামূলক প্রচার করা হবে।”

আরও পড়ুন ::

Back to top button