রাজ্য

আবারও ধেয়ে আসছে নিম্নচাপ! রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির রেড-অ্যালার্ট, সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আবারও ধেয়ে আসছে নিম্নচাপ! রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির রেড-অ্যালার্ট, সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা - West Bengal News 24

বর্ষার দাপটে ভিজছে গোটা রাজ্য। কলকাতাতেও বৃষ্টির বিরাম নেই। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে। তাই শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

এর আগে গত সপ্তাহেও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিকূল আবহাওয়া দেখা যায়। শুক্রবার দুপুরে প্রকাশিত বিশেষ বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় রয়েছে সেটি। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? বিভ্রান্তিকর রিল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, মিলল টাকা পাওয়ার নির্দিষ্ট তারিখ

এদিকে দিঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। সব মিলিয়ে সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি চলবে, যদিও সেখানে আপাতত সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও কোনও সতর্কতা জারি করা হয়নি। বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও সেই বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবারও উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চললেও আপাতত নতুন করে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন ::

Back to top button