মনসা পুজোয় বিরাট উপহার রাজ্য সরকারের! ১৮ অগস্ট কোন কোন জেলায় ছুটি ঘোষণা হল?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী মঙ্গলবার মনসা পুজো (Manasa Puja)। বাংলার বিভিন্ন প্রান্তে বহু বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়। সেই বিষয়টি বিবেচনায় রেখে সরকারি দফতরগুলিতে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal)। তবে রাজ্যের সব জেলায় এই ছুটি কার্যকর হচ্ছে না। মনসা পুজো উপলক্ষে শুধুমাত্র বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামী ১৮ অগস্ট, মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত রাজ্য সরকারি দফতরে পূর্ণ দিবস ছুটি থাকবে। এই ছুটির আওতাভুক্ত হবে রাজ্য সরকারের সমস্ত সরকারি অফিস, স্থানীয় সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড ও কর্পোরেশন। পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলিও এই ছুটির আওতায় থাকবে।
আরও পড়ুন :: আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা! কত লক্ষ মহিলা পাচ্ছেন? বড় ঘোষণা নবান্ন থেকে
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন উৎসব ও বিশেষ দিন উপলক্ষে একাধিক সরকারি ছুটি ঘোষণা করেছিল। দুর্গাপুজোর সময়ও দীর্ঘ ছুটি দেওয়া হত। একইসঙ্গে বিভিন্ন জেলার স্থানীয় ও আঞ্চলিক উৎসবকে গুরুত্ব দিয়ে সেই সমস্ত উপলক্ষেও ছুটি ঘোষণা করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে।
তবে বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি ছুটির তালিকাতেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সেই তালিকায় নতুন কয়েকটি ছুটি যুক্ত হয়েছে। যেমন, এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি ছিল না। বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই দিন সরকারি ছুটি ঘোষণা করেন।
আবার কয়েকটি ক্ষেত্রে ছুটির সংখ্যা কমানো হয়েছে। তৃণমূল সরকারের আমলে বকরি ইদ উপলক্ষে দু’দিন সরকারি ছুটি থাকলেও এবার তা কমিয়ে একদিন করা হয়েছে। এরই মধ্যে নতুন সংযোজন হিসেবে সরকারি ছুটির তালিকায় জায়গা করে নিল মনসা পুজো। তবে আপাতত এই ছুটি শুধুমাত্র বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্যই প্রযোজ্য।



