
শেষবার যখন সঙ্গী বা সঙ্গিনী আপনার জন্যে ভালো কিছু করেছেন, তখন তাকে কি বলেছিলেন? এক গবেষণায় বলা হয়, কেবলমাত্র ধন্যবাদ দেওয়ার জন্যে ধন্যবাদ দিলে আন্তরিকতা প্রকাশ হয় না। বরং ধন্যবাদ যদি আন্তরিকতার সঙ্গে এবং মন থেকে প্রকাশ করা যায়, তবে পারস্পরিক সুখের আদান-প্রদান আরো বেড়ে যায়। আরো গুরুত্বের বিষয় হলো, এমন সংযোগ দুজনের সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পায়। সম্পর্কের গোটা ক্ষত নিরাময় হতে থাকে।
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার মনোবিজ্ঞানী সারা অ্যালগো বলেন, দয়াশীলতা এবং আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ বিনিময় হলে তা আরো অর্থপূর্ণ হয়। সম্পর্কে একের প্রতি অপরের ভাবনা-চিন্তায় ইতিবাচক ইঙ্গিত উঠে আসে এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশের মাধ্যমে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানী অ্যামি বার্কেলি সঙ্গী-সঙ্গিনীর সম্পর্কের তৃপ্তিদায়ক অবস্থার গুরুত্ব তুলে ধরেছেন। যাদের মধ্যে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশের প্রবণতা রয়েছে, তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকেন।
মনোবিজ্ঞানীদের মতে, কেবলমাত্র ধন্যবাদ জ্ঞাপনই যথেষ্ট নয়। অর্থাৎ, খুব সাধারণভাবে ‘আপনাকে ধন্যবাদ’ বললে চলবে না। এটা একটা মানবিক আচরণ। এর মধ্যে মানবিকতা থাকতে হবে। এর মধ্যে বিনয়ের প্রকাশ স্পষ্ট হতে হবে। এতে আবেগের প্রকাশ অন্যের আবেগে জাদু ছড়িয়ে দেয়। আপনি নিজেও কারো কাছ থেকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ পেলে মুগ্ধ থাকবেন। তাই এভাবে ধন্যবাদ দিতে ভুল করবেন না।



