
ব্রতদীপ ভট্টাচার্য: মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্ল্য ছড়াল টিটাগড়ের বাবনপুরে। শুক্রবার সকালেই গঙ্গা অ্যাকশন প্ল্যানে প্রজেক্ট এরিয়ার ভিতরের জঙ্গল থেকে উদ্ধার হয় ওই পড়ুয়ার দেহ। খবর পেয়েই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে খুন? কারা জড়িত এই ঘটনার সঙ্গে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম শ্রীদীপ সমাদ্দার। বৃহস্পতিবার রাতে হঠাতই উধাও হয়ে যায় সে। দীর্ঘক্ষণ পরও না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, এরপর রাতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁদের কাছে। সেখানে শ্রীদীপকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর শুক্রবার সকালে বাবনপুরে গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট এর কাছে এক জোড়া জুতো মাস্ক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় এলাকায় তল্লাশি চালাতেই প্রজেক্ট এরিয়ার ভিতরের জঙ্গল থেকে উদ্ধার হয় শ্রীদীপের দেহ।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। দেহটি শনাক্ত করেছে পড়ুয়ার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কিন্তু এই অপহরণের পিছনে কাদের যোগ রয়েছে? কেনই বা মুক্তিপণের দাবি জানানোর পরও খুন করা হল ওই পড়ুয়াকে? ঠিক কী হয়েছিল ওইদিন রাতে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সুত্র:সংবাদ প্রতিদিন



