
ওয়েবডেস্ক : কলকাতা , সোমবার থেকে কলকাতায় চালু ফেরি পরিষেবা। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার একাংশেও চলবে জলযান। কোভিড ১৯ এর বিষয় মাথায় রেখে মোট আসনের ৪০% যাত্রী নিয়ে চলবে জলযান। রাজ্য পরিবহন নিগম ও হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি এই পরিষেবা দেবে।
রাজ্য পরিবহণ নিগম তৈরি করে দিল বিশেষ নিয়ম বিধি। তার পরিপ্রেক্ষিতে জেলা পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আগামী দিনে জলযান চালালে এই নিয়ম পালন করতে বাধ্য থাকবে।
ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগম সমস্ত জেলাগুলিকে এই বিষয়ে তথ্য দিয়ে জানিয়েছে। ধীরে ধীরে লকডাউন শিথিল হতে শুরু করেছে গোটা রাজ্যে। সরকারি বাস, অটো, অ্যাপ-ক্যাব রাস্তায় নেমেছে। কিছু জায়গায় রাস্তায় নেমেছে বেসরকারি বাস। এবার রাস্তায় বেরনো যাত্রীদের সুবিধার জন্য চালু করা হচ্ছে লঞ্চ পরিষেবা।
কলকাতা ও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার মধ্যে চলবে এই পরিষেবা। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এই লঞ্চ বা যাত্রীবাহী ভেসেল। এক ঘণ্টা অন্তর অন্তর মিলবে এই লঞ্চ।
আপাতত যে কয়েকটি রুটে এই পরিষেবা চালু হচ্ছে তা হল–
হাওড়া থেকে শিপিং
হাওড়া থেকে ফেয়ারলি
ফেয়ারলি থেকে কুঠিঘাঠ ভায়া রতনবাবু, কাশীপুর, বাগবাজার
কুঠীঘাট থেকে বেলুড়
নুরপুর থেকে গাদিয়ারা
নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ
রামকৃষ্ণপুর থেকে চাঁদপাল
চাঁদপাল থেকে হাওড়া ভায়া ফেয়ারলি
হাওড়া থেকে বাগবাজার ভায়া আহিরীটোলা থেকে শোভাবাজার
এই কয়েকটি রুটে আপাতত এই পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য পরিবহন দফতর চালু করেছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। সেখানে বলা হয়েছে– টিকিট কাটুন সামাজিক দুরত্ব মেনে। হাতে গ্লাভস পড়ুন, ফেস শিল্ড বা মাস্ক ব্যবহার করুন। কোনওভাবেই গা ঘেঁষে বসা যাবে না। ইতিমধ্যেই রাজ্য পরিবহন নিগম ও হুগলি নদী জলপথ সমবায় সমিতি লঞ্চ স্যানিটাইজেশনের কাজ শুরু করে দিয়েছে। নিয়ম মাফিক লঞ্চ স্যানিটাইজ করেই চালানো হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।
সুত্র: News18



