কলকাতা

এবার করোনায় আক্রান্ত হলেন এনআরএসের এক চিকিত্‍সক! ভর্তি বেলেঘাটা আইডিতে !

এবার করোনায় আক্রান্ত হলেন এনআরএসের এক চিকিত্‍সক! ভর্তি বেলেঘাটা আইডিতে ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : শোনা যাচ্ছে কলকাতার এনআরএস হাসপাতালের এক চিকিত্‍সক আক্রান্ত মারণ ভাইরাসে। ইতিমধ্যেই নাকি তাঁর রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে বেলাঘাটা হাসপাতালে ভর্তি করাও হয়েছে।

তবে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ যেমন এ ব্যাপারে কিছু জানায়নি, ঠিক তেমনি রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। সবটাই বেসরকারি সূত্রে পাওয়া গিয়েছে। এমনকি বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষও এই বিষয়ে কিছু জানায়নি।

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের নিউরোলজি বিভাগের ওই চিকিত্‍সক তথা অধ্যাপকের শরীরে মারণ ভাইরাস যে পাওয়া গিয়েছে তার রিপোর্ট বুধবার রাতেই চলে এসেছিল।

তাই এনআরএস হাসপাতালের তরফ থেকেই বছর ৫৫’র ওই চিকিত্‍সককে বলা হয় রাতেই বেলাঘাটা আইডি হাসপাতালে ভর্তি হতে। কিন্তু তিনি নাকি তখন তাতে রাজি ছিলেন না। তাঁর অভিমত নাকি ছিল, বাড়িতে আইসোলেশনে থেকে চিকিত্‍সা করানোর।

কিন্তু বৃহস্পতিবার সকালেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে আসে জ্বর। এরপরেই তিনি এনআরএস হাসপাতালে ফোন করে বিষয়টি জানালে হাসপাতাল থেকেই অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাঁকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। তারপর সেখানেই ভর্তি হন ওই চিকিত্‍সক।

উল্লেখ্য এনআরএস হাসপাতালে এর আগে দফায় দফায় শতাধিক চিকিত্‍সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করা হলেও কোনও চিকিত্‍সকের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলেনি।

এই প্রথম এনআরএসের কোনও চিকিত্‍সক করোনায় আক্রান্ত হলেন। সেই সঙ্গে এদিন থেকেই ওই চিকিত্‍সকের সংস্পর্শে আসা তাঁর সহকর্মী, পরিবারের সদস্যদের এবং আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সুত্র: এই মুহূর্তে

আরও পড়ুন ::

Back to top button