রাজনীতিরাজ্য

তৃণমূল হারবে বুঝে বিজেপিতে আসার সরু লাইন করছেন মহুয়া : দিলীপ ঘোষ

তৃণমূল হারবে বুঝে বিজেপিতে আসার সরু লাইন করছেন মহুয়া : দিলীপ ঘোষ - West Bengal News 24

ওয়েবডেস্ক :: দিন কয়েক ধরেই বেসুরো গাইছেন তৃণমূলের এই সাংসদ। অনেকেই বলছেন বিজেপির রাস্তা ধরতে চলেছেন তিনি। এবার সেই মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাও আবার কৃষ্ণনগরে বসেই। বললেন, ২০২১-এ তৃণমূল ক্ষমতায় আসবে না বুঝে বিজেপিতে নাম লেখাতে চাইছেন মহুয়া।

রবিবার কৃষ্ণনগরে দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানে স্থানীয় সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। তাতে দিলীপবাবু বলেন, ‘২০২১-এ তৃণমূল যে ক্ষমতায় আসছে না তা বুঝতে পেরেছেন মহুয়া। তাই বিজেপিতে আসার জন্য রাস্তা তৈরি করছেন তিনি।’

বলে রাখি, গত কয়েকদিনে বার বার পঞ্চায়েতের কাজকর্মের প্রকাশ্যে সমালোচনা করেছেন মহুয়া মৈত্র। প্রথমে বলেন, ই-টেন্ডার করার ভয়ে ২ লক্ষ টাকার বেশি খরচের প্রকল্প করে না পঞ্চায়েতগুলি। যার ফলে কেন্দ্রের বরাদ্দ কোটি কোটি টাকা ফেরত যায়। এই টাকা খরচ হলে গ্রামে একটাও কাঁচা রাস্তা থাকারই কথা নয়।

এর পর করোনা মোকাবিলায় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বহুজাতিক সংস্থার প্রাক্তন এই কর্ত্রী। তিনি বলেন, ‘ভিনরাজ্য ফেরত শ্রমিকরা এলাকায় লুকিয়ে রয়েছেন জেনেও প্রশাসনকে তার খবর দিচ্ছে না পঞ্চায়েত।’ কোনও ক্ষেত্রেই কোনও দলের নাম করেননি মহুয়া। তবে বলা বাহুল্য রাজ্যের প্রায় সব পঞ্চায়েতই তৃণমূলের দখলে। মহুয়ার একের পর এক বাণে তাই ক্ষোভ জমেছে তৃণমূলের অন্দরে।

সুত্র : হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন ::

Back to top button