
‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’-এ কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল রাজস্থান সরকার। পেশ করা হল নতুন মোবাইল অ্যাপ ‘ইমপ্যাক্ট’। গর্ভবতী হওয়ার আগে ও পরে শিশুর লিঙ্গ চিহ্নিতকরণের অর্থাত্ পিসিপিএনডিটি আইনের আওতায় কোনও অপরাধ হচ্ছে কিনা তা জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। জানালেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা।
রাজ্যে লিঙ্গ অনুপাত ক্রমশ কমতে থাকায় চিন্তিত হয়ে পড়েছে রাজস্থান সরকার। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অনেক কমে গিয়েছে। আর এর পেছনে বড় কারণ, কন্যাভ্রূণ হত্যা। আদর্শগতভাবে যা থাকা উচিত ১:১।
১৯৯৪ সালে পিসিপিএনডিটি আইনটি প্রণয়ন করা হয়েছিল কেবলমাত্র কন্যাভ্রূণ হত্যা রোধ ও লিঙ্গ অনুপাতের মধ্যে সমতা বজায় রাখার জন্যেই। শর্মা জানালেন, ‘ইমপ্যাক্ট’ অ্যাপটি পিসিপিএনডিটি আইনের আওতায় যেকোনও অপরাধকে সহজে ধরতে পারবে। আগের থেকে অনেক সহজ তদারকি প্রক্রিয়া।
আরও পড়ুন : শীত বাড়তে পারে করোনার সংক্রমণ :স্বাস্থ্যমন্ত্রী
কোথাও কোনও ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আধিকারিকেরা এই অ্যাপের মাধ্যমে তত্ক্ষণাত্ রিপোর্ট আপলোড করতে পারবেন। এর ফলে রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে। রাজ্যে বেসরকারি ও সরকারি মিলিয়ে মোট ৩,৬০০ সোনোগ্রাফি সেন্টার রয়েছে। যার মধ্যে প্রায় দু’হাজারটি সেন্টার চালু রয়েছে এখন।
কোনও গর্ভবতী মহিলার সোনোগ্রাফি করার সময়ে সেন্টারগুলি মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একটি ‘ফর্ম এফ’ ফিলআপ করবে। পাশাপাশি তাদের প্রতিদিনের রিপোর্টগুলি আপলোড করতে পারবে। এছাড়াও সোনোগ্রাফি সেন্টার অপারেটররা অ্যাপটিতে তাঁদের প্রতিক্রিয়াও জানাতে পারবেন।
রাজস্থানের জাতীয় স্বাস্থ্য মিশনের পরিচালক এনকে ঠাকরাল বললেন, ‘ভ্রূণহত্যা বন্ধ করুন, কন্যারা অমূল্য’, এই বার্তা দেওয়ার জন্যেই এই পদক্ষেপ। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং রাজ্য জুড়ে একাধিক জায়গায় এই বার্তা দেওয়া হোর্ডিং এবং ব্যানার টাঙানো হবে।
সুত্র: আজকাল.in



